- ০২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। যশোর
যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের পর পুলিশ তাকে আটক করে। পরে অভিযোগের ভিত্তিতে রাব্বির বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়।
গ্রেফতার আরাফাত হোসেন রাব্বি চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্তের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। তারা মামাতো-ফুফাতো ভাই-বোন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র তৈরির বিষয়ে সহযোগিতা নিতে রাব্বির সঙ্গে যোগাযোগ করেন ওই শিক্ষার্থী। সরকারি ছুটির কারণে উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও শনিবার সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে যান রাব্বি।
অভিযোগে বলা হয়, পরে বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীকে চৌগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে সন্ধ্যায় মা ও মেয়ে চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পর চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের লিখিত এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার আদালতে পাঠানো হবে। পাশাপাশি মামলার অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।