Saturday, October 17, 2026

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৮, আহত ৬০; বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ


ছবিঃ ইউক্রেনের রিভনে অঞ্চলে রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনের স্থানে জরুরি পরিষেবার একজন বিস্ফোরক নিষ্ক্রিয়কারী কর্মী কাজ করছেন; ১৬ অক্টোবর, ২০২৬ ( (সংগৃহীত । আল জাজিরা । হ্যান্ডআউট/ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস, রয়টার্সের সৌজন্যে)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। শুক্রবারের এসব হামলায় দেশটির দুটি বিপণিবিতানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন ১০ লাখের বেশি মানুষ। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার ইউক্রেনের নয়টি অঞ্চলে হামলা চালানো হয়। পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। অঞ্চলটির গভর্নর ওলেহ সিনিয়েহুবভ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে প্রাণ হারিয়েছেন দুজন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও রাশিয়ার হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

পোল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর রোমান রোমানিউক। একই অঞ্চলের কোভেল শহরে একটি শুল্ক টার্মিনালেও ড্রোন আঘাত হানে। এতে আগুন ধরে যায় প্রায় ১০টি ট্রাকে।

কিয়েভ থেকে পোল্যান্ডের দিকে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কপথে অবস্থিত কোভেল শহরে এ হামলার ঘটনায় পরিবহন ও পণ্য চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে পশ্চিমাঞ্চলীয় রিভনে শহরে একটি বড় বিপণিবিতানসহ বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর ওলেক্সান্দর কোভাল এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া সম্মুখসারির কাছাকাছি অবস্থিত সুমি শহরের একটি বিপণিবিতানেও হামলা হয়েছে।

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখের বেশি মানুষের কাছে ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। তবে বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

ভলিন অঞ্চলে প্রায় তিন লাখ ৭০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে অন্তত এক লাখ পরিবারের বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। আঞ্চলিক রাজধানী লুৎস্কের মেয়র আন্দ্রি রাজুমভস্কি জানিয়েছেন, শহরটিতে বিদ্যুৎবিভ্রাট অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে।

রিভনে অঞ্চলেরও বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবা পরিচালনা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

ইউক্রেনের জ্বালানি ব্যবস্থাকে লক্ষ্য করে রাশিয়ার বিমান হামলা অব্যাহত রাখার প্রস্তুতির কথাও জানিয়েছে মস্কো। শুক্রবার রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও সক্ষমতা বরাদ্দ করা হয়েছে।

এদিকে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, গত মাসে ইউক্রেনে অন্তত ৩২৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২ হাজার ১০৫ জন আহত হয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় এ সংখ্যা ৮৫ শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনে ২ হাজার ৫৭০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৫ হাজার ২১১ জন আহত হয়েছেন। আগের বছরের একই সময়ের তুলনায় হতাহতের এ সংখ্যা প্রায় ৬০ শতাংশ বেশি। এমনকি ২০২৪ সালের একই সময়ের তুলনায়ও তা দ্বিগুণের বেশি।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেছেন, অক্টোবরের প্রথম দুই সপ্তাহ কয়েক বছরের মধ্যে বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময়গুলোর অন্যতম ছিল।

ক্রমাগত হামলা, বিদ্যুৎ অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং বেসামরিক মানুষের প্রাণহানি ইউক্রেনের মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে শীতের আগে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্ন দেখা দিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন