Saturday, October 17, 2026

খুলনার ফুলবাড়ীগেটে পৃথক ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু


ফাইল ছবিঃ খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ২ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা 

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকায় পৃথক সময়ে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর ও সকালে অল্প সময়ের ব্যবধানে রেলপথের কাছাকাছি দুটি দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন যুবক এবং অন্যজন বৃদ্ধ।

নিহত মাহাফুজুল ইসলাম সিয়াম নগরীর ফুলবাড়ী মীরেরডাঙ্গা এলাকার নূর ইসলামের ছেলে। অপর নিহতের নাম জয়নাল আবেদীন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী শিপসা এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ীগেট রেলক্রসিংয়ের কাছাকাছি পৌঁছালে এর ধাক্কায় মাহাফুজুল ইসলাম সিয়াম নিহত হন।

এরপর সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে আরেকটি দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়।

দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক এসএম রায়হান। তিনি জানান, সিয়ামের মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, নিহত জয়নাল আবেদীন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পরপর দুটি দুর্ঘটনায় ফুলবাড়ীগেট এলাকায় রেলপথে নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সিয়ামের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও সংশ্লিষ্ট তদন্তের পর আরও স্পষ্ট হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন