- ১৫ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খুলনা
খুলনা নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অভিযান চালিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে অবৈধ স্থাপনার পাশাপাশি প্যানা, ফেস্টুন, সাইনবোর্ড ও ব্যানার অপসারণ করা হয়।
খুলনা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাতের ওপর থাকা বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা ও প্রচারসামগ্রী সরিয়ে ফেলা হয়। নগরীর সৌন্দর্য রক্ষা এবং পথচারীদের চলাচলের পথ সুগম করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ পরিস্থিতি নিরসন এবং নগরীর পরিবেশ আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে কেসিসি এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষায় অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করা হবে।