- ০২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নাটোর
নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে হুমকিসংবলিত চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা। নির্ধারিত সময়ের মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো না হলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলার বাকনাই এলাকার পালপাড়ায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।
শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে লালপুর ইউনিয়নের বাকনাই এলাকার পালপাড়া গ্রামের বাসিন্দা নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় চিঠিটি রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল প্রথম চিঠিটি দেখতে পান। পরে তিনি পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং ঘটনাটি স্থানীয়দের পাশাপাশি পুলিশকেও জানানো হয়।
চিঠিতে পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হুমকি দেওয়া হয়, ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না করা হলে পরিবারের সদস্যদের হত্যা করে লাশ রাস্তায় ফেলে রাখা হবে।
এ ছাড়া চিঠির বিষয়টি কাউকে না জানাতে বলা হয়েছে। একটি পরিবারের কাছে চিঠি পৌঁছানোর পর সেটি এলাকার অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। চিঠিতে একটি বিকাশ নম্বর উল্লেখ করা হয়েছে এবং প্রেরক হিসেবে ‘সেভেনস্টার কর্তৃপক্ষ’ নাম ব্যবহার করা হয়েছে।
হুমকির চিঠি পাওয়ার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
ভুক্তভোগী অরুণ কুমার পাল বলেন, “চিঠিটি পাওয়ার পর আমরা স্থানীয় লোকজনকে জানিয়েছি এবং থানায় খবর দিয়েছি। এরপর থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে লালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। চিঠিটি জব্দ করা হয়েছে। চিঠির উৎস, ব্যবহৃত বিকাশ নম্বর এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।