Sunday, October 18, 2026

নাটোরে বিদ্যালয় মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, ভিডিও ভাইরাল


ছবিঃ মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই উচ্চ বিদ্যালয়ের মাঠে মদের বোতল হাতে নিয়ে শিক্ষার্থীদের নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৭ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের মাঠে নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে নাচানাচি ও আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী একসঙ্গে নাচানাচি করছিল। এ সময় নীরব, ইউনুস ও মিতু নামের কয়েকজন শিক্ষার্থী গানের তালে নাচার সময় হাতে বোতল নিয়ে অভিনয় করে। বোতলের ভেতরে মদের মতো দেখতে তরল পদার্থ থাকলেও সেটি প্রকৃতপক্ষে মদ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীর গায়ে বিভিন্ন ধরনের বাক্য লেখা সাদা গেঞ্জিও দেখা যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক জানান, বৃহস্পতিবার নিয়মিত পাঠদানের শেষ দিনে বিকেল ৪টায় শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছিল। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৬০ জন। তাদের মধ্যে ২১ জন ছাত্র ও ৩৯ জন ছাত্রী। শিক্ষার্থীরা আনন্দ করতে গিয়ে এমন কর্মকাণ্ড করেছে বলে তিনি জানতে পেরেছেন।

প্রধান শিক্ষক বলেন, ঘটনাটি তিনি পরে জানতে পারেন। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী জানান, বোতলের ভেতরে মদ ছিল, নাকি অন্য কোনো তরল পদার্থ, তা তাঁরা জানেন না। কাউকে ওই তরল পান করতেও দেখেননি তাঁরা। তবে বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে এভাবে বোতল হাতে নিয়ে নাচানাচি করাকে তাঁরা ভুল বলে স্বীকার করেন।

বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক। বিষয়টি জানার পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ভিডিওতে দেখা বোতলের ভেতরে থাকা তরল পদার্থের প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন