Thursday, October 15, 2026

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতার ওপর হামলা, প্রথমে গুলি ছুড়ে পরে কুপিয়ে আহত


ফাইল ছবিঃ শাকিল ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নাটোর

নাটোরের গুরুদাসপুরে গুলির মুখে দৌড়ে পালানোর চেষ্টা করেও হামলাকারীদের হাত থেকে রক্ষা পাননি শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতা। তাঁকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় অভিযুক্তরা।

আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাকিল গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব। তিনি পৌর এলাকার চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে।

শাকিলের ভাষ্য অনুযায়ী, রাতে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নুর একাডেমির কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির মুখে প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু হামলাকারীরা পিছু ধাওয়া করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে তাঁকে ধরে ফেলেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে আহত করে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজ এ হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।

তবে কী কারণে শাকিলের ওপর এ হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন