- ১৯ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যক্তিজীবন বরাবরই ভক্ত ও সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে। অভিনয়জীবনের সাফল্যের পাশাপাশি তাঁর প্রেম, সম্পর্ক ও বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের খবর থেকে শুরু করে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদির সঙ্গে সম্পর্কের ঘোষণা একাধিক ঘটনায় আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে সব সম্পর্কের পরিণতি এক রকম হয়নি। কোনোটি গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে, আবার কোনো সম্পর্কের ইতি টানার খবর জানিয়েছেন সুস্মিতা নিজেই।
১৯৭৫ সালের ১৯ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্ম সুস্মিতার। মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ঐশ্বরিয়া রাইকে হারিয়ে বিজয়ী হন তিনি। এরপর ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম ভারতীয় নারী হিসেবে মুকুট জিতে আন্তর্জাতিক পরিচিতি পান।
১৯৯৬ সালে মহেশ ভাট পরিচালিত ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন সুস্মিতা। পরে ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফেরেন। সিরিজটি আন্তর্জাতিক এমি পুরস্কারের জন্য মনোনয়নও পায়। পরবর্তী সময়ে ‘তালি’ সিরিজে রূপান্তরকামী অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।
২০০৮ সালে ভারতের নাচের রিয়েলিটি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’য় বিচারকের দায়িত্ব পালন করতে গিয়ে সুস্মিতার পরিচয় হয় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে। অনুষ্ঠানটির সূত্র ধরে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়।
২০১৩ সালের এপ্রিলে সেই আলোচনা নতুন মাত্রা পায়। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের বিয়ের খবর প্রকাশিত হলে বিস্ময় প্রকাশ করেন সুস্মিতা নিজেই। টুইটারে তিনি জানান, আকরাম তাঁর বন্ধু এবং বন্ধুই থাকবেন। ওয়াসিম আকরামও বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। দুজনের বক্তব্যের পর সেই জল্পনার অবসান ঘটে।
সুস্মিতার প্রথম সিনেমা ‘দস্তক’-এর চিত্রনাট্যকার ছিলেন নির্মাতা বিক্রম ভাট। ছবিতে কাজ করতে গিয়েই তাঁদের পরিচয়, পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। সে সময় বিক্রম বিবাহিত ছিলেন। বহু বছর পর এক সাক্ষাৎকারে নিজের অতীত নিয়ে কথা বলতে গিয়ে স্ত্রী ও মেয়েকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য অনুশোচনাও প্রকাশ করেন তিনি।
২০০৬ সালের দিকে অভিনেতা রণদীপ হুদার সঙ্গে সুস্মিতার প্রেমের খবর সামনে আসে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। ‘কর্মা, কনফেশনস অ্যান্ড হোলি’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেন তাঁরা। প্রায় তিন বছর সম্পর্কের পর ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে এক সাক্ষাৎকারে রণদীপ জানান, ওই সম্পর্কের পেছনে তিনি অনেকটা সময় ও মনোযোগ দিয়েছিলেন। বিচ্ছেদের পর নিজের কাজে মনোযোগ দেওয়ার সুযোগ পান।
পরিচালক মুদাসসর আজিজের সিনেমা ‘দুলহা মিল গায়া’য় অভিনয়ের সময় তাঁর সঙ্গে সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে এ সম্পর্ক নিয়ে দুজনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।
অন্যদিকে, মুম্বাইয়ের রেস্তোরাঁ ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গেও সুস্মিতার প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ২০১৩ সালে একটি অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা বাড়ে। পরে ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম।
মডেল রেহমান শালের সঙ্গে সুস্মিতার সম্পর্কও একসময় আলোচনায় ছিল। তবে এই সম্পর্কের সমাপ্তির খবর অভিনেত্রী নিজেই জানান। ২০২১ সালের ২৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে রেহমানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি জানান, তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে। প্রেমের অধ্যায় শেষ হলেও বন্ধুত্ব অটুট রয়েছে।
পরবর্তী বছরও সুস্মিতার ইনস্টাগ্রাম লাইভে রেহমানকে দেখা যায়। এতে বোঝা যায়, বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে যোগাযোগ বজায় ছিল।
২০২২ সালের ১৪ জুলাই আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের প্রেমের সম্পর্কের কথা জানান তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে ললিত মোদি স্পষ্ট করেন, তাঁদের বিয়ে হয়নি।
পরদিন দুই মেয়ের সঙ্গে নিজের ছবি প্রকাশ করে সুস্মিতাও বিয়ের খবর নাকচ করেন। তিনি জানান, বিয়ে বা আংটিবদল কোনোটিই হয়নি।
এরপর ২০২৪ সালে রিয়া চক্রবর্তীর অনুষ্ঠান ‘চ্যাপ্টার ২’-এ নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন সুস্মিতা। সেখানে তিনি জানান, প্রায় তিন বছর ধরে কোনো প্রেমের সম্পর্কে নেই।
অভিনয়, আন্তর্জাতিক পরিচিতি, মাতৃত্ব এবং ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্ত সব মিলিয়ে সুস্মিতা সেন বরাবরই নিজের মতো করে জীবন পরিচালনা করেছেন। ২৪ বছর বয়সে প্রথম মেয়ে রেনেকে দত্তক নেন তিনি। ২০১০ সালে পরিবারে আসে দ্বিতীয় মেয়ে আলিশাহ। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও মাতৃত্ব ও ক্যারিয়ার দুই ক্ষেত্রেই নিজের সিদ্ধান্তে অবিচল থেকেছেন এই অভিনেত্রী।