- ১৮ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
একসময় দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী রূপিণী। রজনীকান্ত, কমল হাসান, মোহনলাল ও মাম্মুটির মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। আশির ও নব্বইয়ের দশকে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় সিনেমায় নিয়মিত অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থাতেই হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে যুক্ত হন চিকিৎসাসেবায়। প্রতিষ্ঠা করেন হাসপাতালও।
অভিনেত্রী থেকে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত হওয়ার এই ব্যতিক্রমী যাত্রায় রূপিণীর জীবনে এসেছে বড় পরিবর্তন। তবে ছোটবেলার স্বপ্নের সঙ্গে তাঁর বর্তমান জীবনের এক অদ্ভুত মিল রয়েছে। কারণ, অভিনয়জগতে আসার আগে তাঁর ইচ্ছা ছিল নৃত্যশিল্পী ও চিকিৎসক হওয়ার।
রূপিণীর আসল নাম কোমল মহুভাকার। ১৯৬৯ সালের ৪ নভেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ছিলেন আইনজীবী এবং মা চিকিৎসক। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তাঁর। মাত্র চার বছর বয়সে কত্থক শেখা শুরু করেন। পরে ভরতনাট্যম, কুচিপুড়ি ও ওডিশি নৃত্যেও প্রশিক্ষণ নেন।
১৯৭৫ সালে হৃষিকেশ মুখার্জি পরিচালিত ‘মিলি’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক হয় রূপিণীর। ছবিটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ি। পরবর্তী সময়ে ‘কোতওয়াল সাব’ ও ‘খুবসুরত’ সিনেমাতেও দেখা যায় তাঁকে।
তবে মেয়ের অভিনয়ের কারণে পড়াশোনার ক্ষতি হোক, তা চাননি তাঁর মা-বাবা। এ কারণে শৈশবে নিয়মিত সিনেমায় কাজ করার সুযোগ পাননি তিনি। ১৯৮০ সালে ‘পায়েল কি ঝংকার’ ছবিতে প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় শুরু করেন। পরে ‘ঘুঙরু’, ‘মেরি আদালত’ ও ‘আওয়ারা বাপ’-এর মতো হিন্দি সিনেমায় কাজ করেন।
১৯৮৮ সালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রূপিণী জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই তাঁর নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছা ছিল। পাশাপাশি চিকিৎসক হওয়ার স্বপ্নও দেখতেন। সিনেমায় অভিনয় করবেন, এমন পরিকল্পনা কখনোই ছিল না তাঁর। পুরো বিষয়টিকে ভাগ্যের পরিহাস হিসেবেই দেখেছিলেন তিনি।
রূপিণীর ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে মালয়ালম সিনেমার একটি উল্লেখযোগ্য ঘটনা। ১৯৮০ সালে পরিচালক ফাজিলের ‘মঞ্জিল ভিরিঞ্জা পুক্কাল’ ছবিতে নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। এটি ছিল ফাজিলের পরিচালনায় প্রথম সিনেমা। একই ছবির মাধ্যমে অভিনয়জগতে অভিষেক ঘটে মোহনলালেরও।
কিন্তু রূপিণীর মা-বাবা সেই প্রস্তাবে রাজি হননি। তাঁদের আশঙ্কা ছিল, সিনেমায় ব্যস্ত হয়ে পড়লে মেয়ের পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। পরে তাঁদের পরামর্শে ছবিটির নায়িকা হিসেবে নেওয়া হয় পূর্ণিমা জয়রামকে।
তবে মোহনলালের সঙ্গে অভিনয়ের সুযোগ শেষ পর্যন্ত পেয়েছিলেন রূপিণী। ১৯৮৯ সালে জোশি পরিচালিত ‘নাডুভাঝিকাল’ ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যায়। ছবিটি বাণিজ্যিকভাবেও সফলতা পায়।
১৯৮৭ সালে তামিল সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপিণীর ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয়। ওই বছর রজনীকান্তের বিপরীতে ‘মানিথান’ এবং বিজয়কান্তের সঙ্গে ‘কুলিক্কারান’ ছবিতে অভিনয় করেন। একই সময়ে অভিনেতা মোহনের সঙ্গেও কাজ করেন তিনি।
এরপর দক্ষিণ ভারতীয় সিনেমায় তাঁর ব্যস্ততা বাড়তে থাকে। ১৯৮৯ সালে কমল হাসানের সঙ্গে ‘অপূর্ব সগোদরারগল’ এবং ১৯৯০ সালে ‘মাইকেল মাদানা কামা রাজন’ ছবিতে অভিনয় করেন। মাম্মুটির বিপরীতেও দেখা যায় তাঁকে ‘মিথ্যা’ সিনেমায়।
এ ছাড়া ভেঙ্কটেশ, বিষ্ণুবর্ধন, সত্যরাজ ও অম্বারীশের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন রূপিণী। একাধিক ভাষার সিনেমায় অভিনয়ের মাধ্যমে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, প্রায় দুই দশকের অভিনয়জীবনে তাঁর সিনেমার সংখ্যা ছিল ৭০টির কাছাকাছি।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে সিনেমায় রূপিণীর উপস্থিতি কমতে থাকে। ১৯৯৫ সালে ব্যবসায়ী মোহন কুমারকে বিয়ে করেন তিনি। এরপর অভিনয় থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান উচ্চশিক্ষার উদ্দেশ্যে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি ন্যাচারোপ্যাথি বা প্রাকৃতিক চিকিৎসাবিদ্যার কোর্স সম্পন্ন করেন তিনি।
পড়াশোনা শেষে ভারতে ফিরে মুম্বাইয়ের চেম্বুর এলাকায় প্রতিষ্ঠা করেন ইউনিভার্সাল হার্ট হাসপাতাল। চিকিৎসার ব্যয় বহনে অসামর্থ্য মানুষের পাশে দাঁড়ানোও ছিল এই হাসপাতাল প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য।
২০০৩ সালের ১৬ জুলাই প্রকাশিত মিড-ডের একটি প্রতিবেদনে রূপিণীর নতুন জীবনের বিস্তারিত তুলে ধরা হয়েছিল। সেখানে হাসপাতাল পরিচালনার সঙ্গে যুক্ত একজন চিকিৎসক হিসেবে তাঁর পরিচয় দেওয়া হয়। অভিনয় ও নৃত্যের মাধ্যমে একসময় দর্শকের মন জয় করা এই অভিনেত্রী তখন মানুষের সুস্থতার জন্য কাজ করছিলেন।
বিয়ের পর সংসার ও চিকিৎসাসেবায় বেশি সময় দিয়েছেন রূপিণী। স্বামী মোহন কুমারের সঙ্গে তাঁর একটি মেয়ে রয়েছে, নাম অনীশা। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও পর্দার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেননি তিনি।
২০০৫ সালে ‘ওহ রেহনে ওয়ালি মেহলোঁ কি’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফেরেন। পরে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রচারিত তামিল ধারাবাহিক ‘চিথি ২’-তেও অভিনয় করেন। রাধিকা শরৎকুমার অভিনীত এই ধারাবাহিকের মাধ্যমে আবারও দর্শকের সামনে আসেন তিনি।
রজনীকান্ত ও কমল হাসানের নায়িকা হিসেবে যে অভিনেত্রী একসময় দক্ষিণ ভারতীয় সিনেমায় জনপ্রিয়তা পেয়েছিলেন, জীবনের পরবর্তী সময়ে তিনি বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক পথ। খ্যাতি ও অভিনয়ের জগৎ থেকে সরে এসে চিকিৎসাসেবায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে রূপিণী প্রমাণ করেছেন, জীবনের স্বপ্ন পূরণের জন্য পথ বদলানোও সম্ভব।