Thursday, November 19, 2026

ভারত থেকে বাংলাদেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী


ছবিঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিদেশে বসে ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে। আর সেই নির্দেশ বাস্তবায়নে দেশের ভেতরে কিছু লোককে ব্যবহার করা হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলেও পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করলে আওয়ামী লীগের লোকজনই তাঁকে ‘ভারতের চর’ বলে আখ্যা দিয়েছিলেন। অথচ বর্তমানে সেই রাজনৈতিক ধারার লোকজন ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন।

তিনি আরও দাবি করেন, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থানকারীরা ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতার নির্দেশ দিচ্ছেন। তাঁদের নির্দেশে দেশের ভেতরে কিছু লোক পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়িতে বোমা-ককটেল নিক্ষেপ করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব এবং ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতা ও শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও আবার অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।

রিজভীর অভিযোগ, অতীতে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত স্বার্থান্বেষী মহল আবারও নিজেদের অবস্থান ফিরে পেতে নাশকতার পথ বেছে নিচ্ছে। তবে বিদেশ থেকে উসকানি কিংবা সহিংসতার মাধ্যমে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।

আলোচনায় মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে রিজভী বলেন, ব্রিটিশ ভারত, আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন। ১৯৫৭ সালেই পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করে তিনি দেশটির শাসকদের উদ্দেশে বিদায়ের বার্তা দিয়েছিলেন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে মওলানা ভাসানী জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর ১৯৭৬ সালে ফারাক্কা লংমার্চের মাধ্যমেও তিনি আধিপত্যবাদবিরোধী আন্দোলনে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন।

মওলানা ভাসানীর জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে রিজভী বলেন, এই নেতার পূর্ণাঙ্গ জীবনী এখনো যথাযথভাবে রচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে তাঁর সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ ও অবদান তুলে ধরতে আরও গবেষণা করা জরুরি।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন