Thursday, November 19, 2026

ঐতিহ্যের গৌরব থাকলেও সংকটে ঢাকা কলেজ, ২০ হাজার শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ মাত্র ৫২টি


প্রতীকী ছবিঃ ঢাকা কলেজ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

দক্ষিণ এশিয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম ঢাকা কলেজ। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান একসময় পাশ্চাত্যের দর্শন, বিজ্ঞান ও কলাবিদ্যা চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছিল। দেশের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদেরও আকৃষ্ট করেছিল এর শিক্ষা কার্যক্রম। এই কলেজকে ঘিরেই পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে দীর্ঘ ইতিহাস ও গৌরবের অধিকারী প্রতিষ্ঠানটি বর্তমানে নানা অবকাঠামোগত ও শিক্ষাসংক্রান্ত সংকটে ভুগছে।

শিক্ষার্থীদের অভিযোগ, আবাসন ও পরিবহন সংকটের পাশাপাশি শ্রেণিকক্ষের স্বল্পতা, শিক্ষকসংকট, আধুনিক শিক্ষা উপকরণের অভাব, অকার্যকর ল্যাব সরঞ্জাম, লাইব্রেরিতে পর্যাপ্ত বই না থাকা এবং বিশুদ্ধ পানির সংকট তাঁদের নিয়মিত শিক্ষাজীবনকে ব্যাহত করছে।

কলেজের চারটি একাডেমিক ভবনে শ্রেণি কার্যক্রম পরিচালনার উপযোগী কক্ষ রয়েছে ৫২টি। অথচ উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ২০টি বিভাগের অধীনে শিক্ষার্থী রয়েছেন প্রায় ২০ হাজার। ফলে সীমিত শ্রেণিকক্ষে সব বর্ষের পাঠদান চালানো কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের ভাষ্য, শ্রেণিকক্ষের সংকটের কারণে পরীক্ষার সময় অন্য বর্ষের নিয়মিত ক্লাস বন্ধ রাখতে হয়। অনেক ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের ক্লাস শেষ হওয়ার পর অনার্সের ক্লাস শুরু করতে হয়।

আবাসন পরিস্থিতিও উদ্বেগজনক। কলেজের আটটি ছাত্রাবাসে মোট আসন রয়েছে মাত্র ১ হাজার ৩৬৪টি। বিপুলসংখ্যক শিক্ষার্থীর তুলনায় এই আসনসংখ্যা খুবই সীমিত। শিক্ষার্থীদের দাবি, মোট শিক্ষার্থীর সর্বোচ্চ ৮ থেকে ৯ শতাংশ আবাসিক সুবিধা পান। বাকিদের বাইরে বাসা বা মেসে অতিরিক্ত খরচে থাকতে হয়। এদিকে ১৯৯৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা ইলিয়াস হলের ভবন এখনো ভাঙা হয়নি।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফাহাদ বলেন, ঢাকা কলেজে আবাসন সংকট অত্যন্ত প্রকট। অল্পসংখ্যক শিক্ষার্থী হলে থাকার সুযোগ পান। অধিকাংশকে ক্যাম্পাসের বাইরে বাড়তি অর্থ ব্যয় করে থাকতে হয়।

হলের খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। ফাহাদের অভিযোগ, হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি পরিবহন সংকটের কারণে প্রতিদিন বাসে ধারণক্ষমতার তুলনায় তিন থেকে চার গুণ বেশি শিক্ষার্থী যাতায়াত করেন। এতে তাঁদের নিয়মিত চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে।

কলেজের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থী আজিজুর রহমান পাভেল বলেন, এত পুরোনো ও ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো আরও উন্নত হওয়ার কথা ছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আক্ষেপ রয়েছে। কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতির আগমনকে ঘিরে তিনি আশা প্রকাশ করেন, হল, একাডেমিক ভবনসহ সামগ্রিক অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অন্য শিক্ষার্থী মো. রাসেল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবহনব্যবস্থার উন্নয়ন জরুরি। কলেজের লাইব্রেরির পরিসর ছোট এবং পাঠকক্ষগুলোর অবস্থাও ভালো নয়। প্রয়োজনীয় বইয়ের সংখ্যা ও পাঠের পরিবেশ বাড়ানো দরকার। একই সঙ্গে শ্রেণিকক্ষের সংকট দ্রুত সমাধান না হলে স্বাভাবিক পাঠদান কার্যক্রম আরও বাধাগ্রস্ত হবে।

শিক্ষার্থীদের এসব অভিযোগ ও প্রত্যাশার বিষয়ে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং দীর্ঘদিনের সংকট নিরসনে রাষ্ট্রপতির কাছে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রত্যাশা করছেন তাঁরা। তাঁর মতে, বিচ্ছিন্নভাবে একটি ভবন নির্মাণ বা কোনো একটি অবকাঠামো উন্নয়ন করলেই স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যার মাধ্যমে কলেজের সামগ্রিক অবকাঠামো ও শিক্ষা পরিবেশের টেকসই উন্নয়ন সম্ভব হবে।

১৮৪ বছরের ঐতিহ্য বহন করা ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রতিষ্ঠানের ইতিহাস ও গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে আবাসন, শ্রেণিকক্ষ, পরিবহন ও শিক্ষা উপকরণের সংকট দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তাঁদের মতে, শুধু অতীতের গৌরব নয়, বর্তমান শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও এখন জরুরি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন