Wednesday, November 18, 2026

এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট


প্রতীকী ছবিঃ ঢাবির লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে।

বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের ব্যাপক আবেদন জমা পড়ে। মাত্র সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন। গত কয়েক বছরের তুলনায় এবার আবেদনের সংখ্যা সর্বোচ্চ।

শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এ লক্ষ্যে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কার্যক্রম চলার কথা। এরপর ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের প্রয়োজনীয় তথ্য পাঠানোর পরিকল্পনা রয়েছে। নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাইয়ের কাজ ২১ থেকে ২৬ নভেম্বরের মধ্যে শেষ করার কথা।

এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি আগেই প্রকাশ করা হয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ ছাড়া মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে হাইকোর্টের নতুন নির্দেশনার কারণে এসব পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে।

আদালতের আদেশে বলা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। ফলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকেও নতুন পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার রেকর্ড করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন