- ১৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে দীর্ঘদিনের সংঘাত বন্ধে একের পর এক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও মাঠপর্যায়ে সহিংসতা থামছে না। উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশে সরকারি বাহিনী এবং সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলার নেতৃত্বাধীন সশস্ত্র ও রাজনৈতিক জোট ফ্রন্ট ফর দ্য রিফাউন্ডেশন অব দ্য নেশন (এফআরএন)-এর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এতে নতুন করে বাস্তুচ্যুতি, প্রাণহানি ও মানবিক সংকটের ঝুঁকিতে পড়েছেন সাধারণ মানুষ।
সংঘাত বন্ধে ওয়াশিংটন ও দোহায় পৃথক কূটনৈতিক উদ্যোগ চললেও সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৈঠক ও শান্তি আলোচনার খবর পাওয়া গেলেও তাঁদের দৈনন্দিন জীবনে নিরাপত্তা ফিরছে না।
দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর বাসিন্দা ব্লেইস চাসুম্বা বলেন, একের পর এক বৈঠক হচ্ছে, কিন্তু প্রতিবারই আলোচনার বিষয়বস্তু প্রায় একই থাকছে। যুদ্ধরত পক্ষগুলো শান্তির আশ্বাস দিলেও বাস্তবে সেই শান্তির দেখা মিলছে না। মানুষ স্বজন ও ঘরবাড়ি হারাচ্ছে।
পূর্ব কঙ্গোর বর্তমান অস্থিরতার শিকড় কয়েক দশক আগের। ১৯৯৪ সালে প্রতিবেশী রুয়ান্ডায় গণহত্যার পর দেশটির সাবেক সেনাসদস্য ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের তৎকালীন জায়ারে (বর্তমান ডিআর কঙ্গো) পালিয়ে আসার ঘটনা অঞ্চলটিতে নতুন সংঘাতের পরিবেশ তৈরি করে। গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি এবং পরে ডেমোক্রেটিক ফোর্সেস ফর দ্য লিবারেশন অব রুয়ান্ডা (এফডিএলআর)-এর উত্থান কিনশাসা ও কিগালির মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
১৯৯৬ ও ১৯৯৮ সালে শুরু হওয়া প্রথম ও দ্বিতীয় কঙ্গো যুদ্ধে প্রতিবেশী কয়েকটি দেশ জড়িয়ে পড়ে। যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও ভূমির মালিকানা, রাজনৈতিক প্রতিনিধিত্ব, নাগরিকত্ব এবং প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ অব্যাহত থাকে। এসব বিরোধ পূর্বাঞ্চলে সহিংসতার পথ তৈরি করে।
২০১২ সালে কঙ্গোলিজ সেনাবাহিনীতে একীভূত হওয়া ন্যাশনাল কংগ্রেস ফর দ্য ডিফেন্স অব দ্য পিপল (সিএনডিপি)-এর সাবেক সদস্যদের বিদ্রোহের মধ্য দিয়ে এম২৩ সশস্ত্র গোষ্ঠীর আবির্ভাব ঘটে। ২০০৯ সালের ২৩ মার্চের শান্তিচুক্তি অনুযায়ী তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে চুক্তির শর্ত সরকার পূরণ করেনি বলে পরে অভিযোগ তোলে গোষ্ঠীটির নেতারা।
কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়েছে সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলার নেতৃত্বে ২০২৬ সালের অক্টোবরে এফআরএন গঠনের পর। নতুন এই জোট নিজেদের আগের কঙ্গো রিভার অ্যালায়েন্সের (এএফসি) উত্তরসূরি বলে দাবি করছে এবং পূর্ববর্তী জোটের প্রতিশ্রুতিগুলো বহাল রাখার কথা জানিয়েছে। তবে এফআরএন এবং আগের এএফসি-এম২৩ কাঠামোর মধ্যে সম্পর্ক ও আলোচনায় প্রতিনিধিত্বের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে রয়েছে।
চলতি নভেম্বরের শুরুতে সশস্ত্র গোষ্ঠীটির সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এফআরএন যোদ্ধারা কাহুজি-বিয়েগা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে এবং বুকাভুর সঙ্গে উত্তরের বিভিন্ন এলাকার সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক ন্যাশনাল রোড-৩ ধরে অগ্রসর হয়।
সংঘাত পর্যবেক্ষণকারী বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর বিটালে ও বুলাম্বিকার কেন্দ্রসহ কয়েকটি এলাকা দখলে নেয় যোদ্ধারা। তবে কঙ্গোলিজ সেনাবাহিনীর দাবি, তারা বুলাম্বিকায় অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে এবং পাল্টা অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কতটুকু এলাকা সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রণে গেছে, তা নিয়ে স্থানীয় সূত্র ও সামরিক বাহিনীর বক্তব্যে পার্থক্য রয়েছে।
এই লড়াইয়ে নতুন করে বাস্তুচ্যুত হচ্ছেন সাধারণ মানুষ। আগে থেকেই সংঘাতের কারণে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে। স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি পরিষেবা চালু রাখাও কঠিন হয়ে পড়েছে।
সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) বুনিয়াকিরি স্বাস্থ্য অঞ্চলে তাদের কর্মীদের উপস্থিতি কমিয়েছে। সংস্থাটির কিছু কর্মীকে বিটালে ও বুকাভুতে সরিয়ে নেওয়া হয়েছে।
আল জাজিরাকে পাঠানো এক বিবৃতিতে এমএসএফ সংঘাতের সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, স্বাস্থ্যসেবা কেন্দ্র, বেসামরিক জনগোষ্ঠী এবং মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব।
অন্যদিকে, কঙ্গোর সশস্ত্র বাহিনী (এফএআরডিসি) উত্তর ও দক্ষিণ কিভুতে সাম্প্রতিক হামলার জন্য রুয়ান্ডার সেনাবাহিনী এবং এফআরএনের মিত্র যোদ্ধাদের দায়ী করেছে। হারানো অবস্থান পুনরুদ্ধারে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।
তবে রুয়ান্ডা পূর্ব কঙ্গোর সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, এফডিএলআর-এর উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে এম২৩-এর সামরিক অভিযান নিন্দা করা হয়। একই সঙ্গে রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের সরাসরি সহায়তা ও অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে রুয়ান্ডাকে বিদ্রোহীদের সমর্থন বন্ধ এবং কঙ্গোর ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। ওই প্রস্তাবে এফডিএলআরসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে কঙ্গোলিজ বাহিনীর সহায়তা দেওয়ার বিষয়টিও নিন্দা করা হয়।
কঙ্গো সংকট নিরসনে ২০২৫ সালের ডিসেম্বরে ওয়াশিংটন অ্যাকর্ডস স্বাক্ষরিত হয়। এর মূল লক্ষ্য ছিল ডিআর কঙ্গো ও রুয়ান্ডার মধ্যকার উত্তেজনা কমানো। অন্যদিকে, দোহা প্রক্রিয়ার উদ্দেশ্য ছিল কঙ্গো সরকার এবং এএফসি-এম২৩ জোটের মধ্যে সংঘাতের অবসান ঘটানো।
২০২৫ সালের ১৫ নভেম্বর কঙ্গো সরকার, এএফসি ও এম২৩-এর মধ্যে দোহা কাঠামোর আওতায় একটি সমন্বিত শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। পরে ২০২৬ সালের আগস্টে কাতার, যুক্তরাষ্ট্র, টোগো, আফ্রিকান ইউনিয়ন কমিশন ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে দুই পক্ষ আলোচনার অগ্রগতি এবং চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একটি রোডম্যাপে সম্মত হয়। কিন্তু এসব উদ্যোগের পরও সংঘাত বন্ধ হয়নি।
আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ ২৬ অক্টোবরের এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে ওয়াশিংটন ও দোহা প্রক্রিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে সীমিত অগ্রগতির কথা উল্লেখ করে। একই সঙ্গে দুই উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেয় সংস্থাটি।
শুধু সরকার ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আলোচনা করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করছেন কঙ্গোর অনেক নাগরিক। তাঁদের দাবি, সংঘাতের পেছনে থাকা স্থানীয় বিরোধ, দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বিচারহীনতার সংস্কৃতি মোকাবিলা না করলে শান্তিচুক্তি দীর্ঘস্থায়ী হবে না।
উত্তর কিভুতে অ্যাকশন ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য কঙ্গোর সমন্বয়ক দিয়ুমেরসি মুংগু আকোনকোয়া বলেন, আলোচনা শুরু হওয়ার পরও সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। বরং বেসামরিক মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং নারীদের ওপর যৌন সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে।
তিনি ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান। তাঁর মতে, এ ধরনের আলোচনায় রাজনৈতিক পক্ষগুলোর পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
বিশ্লেষকদের মতে, স্থায়ী শান্তির জন্য শুধু যুদ্ধবিরতি বা চুক্তি যথেষ্ট নয়। স্থানীয় পর্যায়ের বিরোধ, ভূমি ও সম্পদ নিয়ে দ্বন্দ্ব, দুর্বল প্রশাসন এবং অপরাধের বিচার না হওয়ার প্রবণতা মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নারী, তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের শান্তি প্রক্রিয়ায় যুক্ত করা জরুরি।
তবে বুকাভু ও আশপাশের এলাকার বাসিন্দাদের কাছে শান্তির সাফল্য মাপার বিষয়টি অনেক সহজ যুদ্ধ বন্ধ হবে কি না, হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবা চালু থাকবে কি না, আর মানুষ নিজেদের ঘরে ফিরতে পারবে কি না।
বাসিন্দা চাসুম্বা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন। তাঁর আশঙ্কা, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে সংঘাতের অবসান আরও দীর্ঘ সময় পিছিয়ে যেতে পারে।