Wednesday, November 18, 2026

বহুমেরু বিশ্বব্যবস্থা গড়তে চীন-রাশিয়ার নেতৃত্ব চান শি জিনপিং


ছবিঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেনে এপিইসি (APEC) শীর্ষ সম্মেলনের ফাঁকে করমর্দন করছেন (সংগৃহীত । আল জাজিরা /সার্গেই ববিলিয়েভ/স্পুটনিক/এপি)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

বিশ্বব্যবস্থায় একক আধিপত্যের পরিবর্তে বহুমেরু কাঠামো প্রতিষ্ঠায় চীন ও রাশিয়াকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় নতুন প্রবণতাকে এগিয়ে নিতে বেইজিং ও মস্কোর আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।

বুধবার (১৮ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং আন্তর্জাতিক রাজনীতিতে বহুমেরু বিশ্বব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

শির বক্তব্যের পর সম্মেলনে দেওয়া ভাষণে পশ্চিমা শক্তিগুলোর প্রভাব নিয়েও সমালোচনা করেন পুতিন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো একসময় বিশ্বে আধিপত্য বিস্তার করলেও সেই অবস্থান এখন অতীতের দিকে যাচ্ছে। ইউরোপও বর্তমানে ‘অপমানজনক পতনের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

পুতিনের মতে, অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা ও অন্য দেশকে চাপের মুখে রাখার প্রচলিত কৌশলগুলো আগের মতো কার্যকর নেই। নিষেধাজ্ঞা, শুল্ক এবং রপ্তানি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ কিছুটা বাধা তৈরি করতে পারলেও প্রতিদ্বন্দ্বী দেশের অর্থনৈতিক অগ্রগতি থামিয়ে দেওয়া কিংবা তাদের অর্থনীতি ধ্বংস করা সম্ভব নয়।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে রয়েছে মস্কো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশটিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকে রাশিয়ার অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমা দেশগুলো।

শেনজেন থেকে আল জাজিরার প্রতিবেদক ক্যাটরিনা ইউ জানান, শি ও পুতিন দুজনই আরও ন্যায়সংগত ও বহুমেরু বিশ্বব্যবস্থার পক্ষে অবস্থান তুলে ধরেছেন। একই সঙ্গে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

দুই নেতার ব্যক্তিগত সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। কয়েক বছরে তাঁদের মধ্যে ৪০ বারের বেশি বৈঠক হয়েছে। রাজনৈতিক ও কৌশলগত অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও দুই দেশের পারস্পরিক নির্ভরতা বেড়েছে। চীন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। অন্যদিকে, রাশিয়া চীনের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রতিবেদক ক্যাটরিনা ইউয়ের ভাষ্য, এপেক সম্মেলনে পুতিনকে সম্মানিত অতিথি হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপকারী ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সুযোগও কাজে লাগাচ্ছেন তিনি।

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের নেতৃত্বের প্রত্যাশা ও অগ্রাধিকারে বড় ধরনের পার্থক্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দক্ষিণ কোরিয়ার পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট কেলির মতে, তিন দেশের নেতারা ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। ফলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে তাঁদের মধ্যে সমঝোতা তৈরি করা কঠিন হতে পারে।

তবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিন দেশের সহযোগিতার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, বর্তমান বিশ্বে পারমাণবিক শক্তির ভারসাম্য স্নায়ুযুদ্ধের সময়ের তুলনায় ভিন্ন। তাই অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণে তিন দেশের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কেলি বলেন, রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র তার পরাশক্তির অবস্থান ধরে রাখার অন্যতম উপাদান। ইউক্রেন যুদ্ধের কারণে নানা সমস্যার মধ্যেও মস্কো এ সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দেয়। অন্যদিকে, চীন দ্রুত পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বাড়াচ্ছে। আগামী এক দশকে অন্তত পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে বেইজিং আগ্রহী হবে বলে মনে হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের অবস্থানও এ বিষয়ে স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলে বৈশ্বিক নিরাপত্তার জন্য তা ইতিবাচক হবে। কিন্তু তিন দেশের অবস্থান ও স্বার্থের ভিন্নতার কারণে এমন সমঝোতা বাস্তবে কঠিন।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকের সদস্য ২১টি অর্থনীতি। সংস্থাটির সদস্যরা সম্মিলিতভাবে বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশের বেশি প্রতিনিধিত্ব করে। প্রায় ২৭০ কোটি মানুষের জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড এ অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি বাড়ানোই সংস্থাটির মূল লক্ষ্য।

এ বছরের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আন্তর্জাতিক বাণিজ্যসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই প্রভাবশালী অবস্থানে রয়েছে।

সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান বাণিজ্যিক সমঝোতা। দুই দেশের মধ্যে শুল্কসংক্রান্ত সাময়িক বিরতি আগামী জানুয়ারির পরও বহাল থাকবে কি না, তা নিয়ে সদস্য দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মহলেও আগ্রহ রয়েছে।

চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা এবং বহুমেরু বিশ্বব্যবস্থার পক্ষে দুই নেতার অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শক্তির সঙ্গে সম্পর্ক, বাণিজ্যিক স্বার্থ এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রশ্নে বড় ধরনের মতপার্থক্য থাকায় এই অবস্থান কতটা বাস্তব রূপ পাবে, তা এখনো অনিশ্চিত।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন