Wednesday, November 18, 2026

টুঙ্গিপাড়া থানায় হামলা, পুড়েছে ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল


ছবিঃ টুঙ্গিপাড়া থানা চত্বরে পোড়া গাড়ি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় থানায় হামলার পর থেকে বন্ধ রয়েছে পুলিশের স্বাভাবিক কার্যক্রম। বুধবার (১৮ নভেম্বর) দুপুরেও থানায় কোনো পুলিশ সদস্যকে নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায়নি। আগুনে পুড়ে গেছে থানার বিভিন্ন কক্ষের আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম। পুলিশের নয়টি গাড়ি এবং ১৫টি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সদস্যরা।

বুধবার দুপুরে থানার ভেতরে গিয়ে দেখা যায়, মূল প্রবেশপথের কলাপসিবল গেট বন্ধ থাকলেও তাতে তালা দেওয়া ছিল না। ভেতরের বিভিন্ন কক্ষে ছড়িয়ে রয়েছে ভাঙা আসবাবপত্র, কাচের টুকরা ও পোড়া জিনিসপত্র। অগ্নিসংযোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষ। সেখানে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো পড়ে আছে। একটি রেফ্রিজারেটরও পুড়ে বিকৃত হয়ে গেছে।

ডিউটি অফিসারের কক্ষে টেবিলের ওপর ছড়িয়ে ছিল ভাঙা কাচের টুকরা। একটি ডেস্কটপ কম্পিউটার ভাঙা অবস্থায় পড়ে ছিল। পাশের হাজতখানার দরজা খোলা এবং তালা ভাঙা দেখা যায়। উপপরিদর্শকদের (এসআই) কার্যালয়ের কম্পিউটার, চেয়ার, টেবিল ও বইপত্রও ভাঙচুর ও অগ্নিসংযোগে নষ্ট হয়েছে।

থানার দোতলায় পুলিশ সদস্যদের থাকার ব্যারাকেও ব্যাপক তছনছের চিহ্ন দেখা যায়। মেঝেতে ছড়িয়ে ছিল পোশাক, তোশক, কম্বল ও ব্যক্তিগত ব্যবহারের বিভিন্ন সামগ্রী। কয়েকজন পুলিশ সদস্যকে সাধারণ পোশাকে নিজেদের জিনিসপত্র খুঁজতে দেখা গেছে।

এক পুলিশ সদস্য জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে আটজনকে গ্রেপ্তারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষুব্ধ লোকজনকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। একপর্যায়ে তাঁরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

হামলার পর থানার যানবাহনগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। পুলিশ সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার বেলা তিনটার দিকে পুলিশের দুই সদস্য দুটি ট্রাংক এবং আরেক সদস্য একটি পোড়া মোটরসাইকেল ভ্যানে করে থানা থেকে সরিয়ে নেন।

এদিকে হামলার সময় থানা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, থানায় পুলিশের নিজস্ব অস্ত্রের পাশাপাশি সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র এবং অন্য জেলা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্রও সংরক্ষিত ছিল। হামলার সময় সেখান থেকে বেশ কিছু অস্ত্র নিয়ে যায় বিক্ষোভকারীরা।

ওই কর্মকর্তা আরও জানান, পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে কিছু অস্ত্র ফেরত দিয়েছেন। এ ছাড়া কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো অল্প কয়েকটি অস্ত্র নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অস্ত্রের হিসাব ও যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।

থানার কার্যক্রম বন্ধ থাকায় পুলিশি সেবা কীভাবে দেওয়া হচ্ছে, তা জানতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটজনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা থানায় জড়ো হয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ রয়েছে।

হামলার পর থানার অবকাঠামো, যানবাহন ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অস্ত্র নিখোঁজ হওয়ার ঘটনাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে থানার স্বাভাবিক কার্যক্রম কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন