Tuesday, November 17, 2026

স্থানীয় সরকার নির্বাচন: দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির


প্রতীকী ছবিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় নির্বাচনে অংশ নিতে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

প্রার্থী তালিকা ঘোষণার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এর আগে গত ১০ মে প্রথম দফায় ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। এবার দ্বিতীয় দফায় আরও ১০০ জনের নাম প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করল দলটি।

দুই দফায় এখন পর্যন্ত মোট ২০০ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনে এসব প্রার্থীকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন