- ১৭ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
নবম পে-স্কেল অনুযায়ী বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
মঙ্গলবার দুপুর থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দাবি করা হচ্ছিল, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে ১ হাজার ১৯০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় বলছে, এখনো এ ধরনের কোনো চিঠি পাঠানো হয়নি।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অতিরিক্ত অর্থের প্রয়োজনীয়তার হিসাব পাওয়া গেছে। অধিদপ্তরটি নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে।
তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত কত অর্থ প্রয়োজন, সেই হিসাব এখনো পাওয়া যায়নি। সংশ্লিষ্ট অধিদপ্তরের হিসাব বিবরণী পাওয়ার পর দুই খাতের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা থেকে চিঠিটি পাঠানোর কথা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শাখাটির উপসচিব মোহাম্মদ মাহমুদুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাদ্রাসার শিক্ষকদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে কোনো চিঠি পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষার জন্য আলাদা চিঠি পাঠানো হবে, নাকি একসঙ্গে পাঠানো হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই অধিদপ্তরের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে একটি চিঠিই পাঠানো হবে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রয়োজনীয় হিসাব এখনো পাওয়া যায়নি।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠি পাঠানোর খবরের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব পাওয়ার পরই বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানোর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।