Monday, November 16, 2026

মাধ্যমিকে ভর্তি পরীক্ষা নিয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট


ফাইল ছবিঃ ভর্তি পরীক্ষা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৭ অক্টোবর সরকারের জারি করা ভর্তি-সংক্রান্ত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিট আবেদনটি দায়ের করেন।

আবেদনে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং অধিদপ্তরের একজন উপসচিবকে বিবাদী করা হয়েছিল। রোববার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রিট আবেদনে বলা হয়, ২০২১ শিক্ষাবর্ষ থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লটারি চালু করেছিল তৎকালীন সরকার। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই পদ্ধতি বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।

গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর কথা জানান। একই দিনে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। পরে সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।

রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার এর আগে জানিয়েছিলেন, লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর শিক্ষাবিদদের মধ্যে উদ্বেগ ও বিতর্ক তৈরি হয়। তাঁদের আশঙ্কা, ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং ও প্রাইভেট টিউশনের প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে অল্প বয়সী শিক্ষার্থীদের ওপর পরীক্ষার অতিরিক্ত চাপ তৈরি হবে।

আইনজীবীর দাবি, পর্যাপ্ত গবেষণা, তথ্য-উপাত্ত ও মূল্যায়ন ছাড়াই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে নেওয়া এই সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বৈষম্য বাড়াতে পারে বলেও রিটে যুক্তি তুলে ধরা হয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুরা কোচিং বা গৃহশিক্ষকের খরচ বহন করতে না পারায় ভর্তি প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে এসব যুক্তি তুলে ধরে দায়ের করা রিট আবেদনটি শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন