Tuesday, November 17, 2026

দারিদ্র্যসীমার ওপরে, তবু খাবারের অভাবে দিন কাটে ভারতের লাখো পরিবারের


ছবিঃ ভারতের আহমেদাবাদে একটি খাবারের দোকানের বাইরে মানুষ বিনামূল্যে খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, ২০ জানুয়ারি, ২০২১ (সংগৃহীত । আল জাজিরা /অজিত সোলাঙ্কি/এপি ফটো)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

কাগজে-কলমে তাঁরা আর দরিদ্র নন। বিশ্বব্যাংকের নির্ধারিত দারিদ্র্যসীমার চেয়ে তাঁদের মাসিক ব্যয় কিছুটা বেশি। কিন্তু বাস্তব জীবনে খাবারের সংকট, ঋণের বোঝা, চিকিৎসার খরচ আর অনিশ্চিত আয়ের সঙ্গে প্রতিদিন লড়াই করতে হচ্ছে ভারতের বহু পরিবারকে। দারিদ্র্যসীমা পেরিয়ে গেলেও তাঁদের জীবনে স্বস্তি ফেরেনি; বরং সামান্য বিপর্যয়েই আবার চরম দারিদ্র্যে ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রাজস্থানের রাজসমন্দ জেলার ২৫ বছর বয়সী হেমা প্রজাপতির জীবন সেই বাস্তবতারই উদাহরণ। মাসের শেষ দিকে তাঁদের রান্নাঘরের খাবারের তাক প্রায় খালি হয়ে যায়। স্বামী হরি প্রজাপতির ঋণ বাড়তে থাকে। পরিবারের নয় বছর বয়সী সন্তান দিব্যাংশের জন্য খাবারের একটি বড় অংশ আলাদা করে রাখতে হয়।

তিন সদস্যের সংসারে হেমার মাসিক খরচ প্রায় ১১ হাজার রুপি, যা বিশ্বব্যাংকের হিসাবে তাঁদের পরিবারের জন্য নির্ধারিত মাসিক দারিদ্র্যসীমা ৭ হাজার ৩৮০ রুপির চেয়ে প্রায় ৪৯ শতাংশ বেশি। কিন্তু এই হিসাবের সঙ্গে তাঁদের দৈনন্দিন অভাবের বাস্তবতার মিল নেই।

আল জাজিরাকে হেমা বলেন, পেটের ভেতর কাঁটা গজালেও ক্ষুধার যন্ত্রণা তার চেয়ে বেশি কষ্ট দেবে না। তাঁর প্রশ্ন, এত কম অর্থে একজন মানুষ কীভাবে সম্মানজনক জীবনযাপন করতে পারেন?

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এখন দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। তবে দেশটিতে দারিদ্র্যের প্রকৃত চিত্র নিয়ে বিতর্ক রয়েছে। এক দশকের বেশি সময় ধরে সরকার ভোগব্যয়ের ভিত্তিতে নিজেদের কোনো আনুষ্ঠানিক দারিদ্র্য পরিসংখ্যান প্রকাশ করেনি। ফলে আন্তর্জাতিক তুলনার ক্ষেত্রে বিশ্বব্যাংকের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। এ সময়ে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমেছে।

প্রতিবেদন অনুযায়ী, এত বড় পরিসরে দারিদ্র্য কমানোর নজির রয়েছে মূলত চীনের। দেশটি চার দশকে ৮০ কোটির বেশি মানুষকে চরম দারিদ্র্য থেকে বের করে এনেছে।

বিশ্বব্যাংকের এই অর্জনকে অনেক অর্থনীতিবিদ গুরুত্বপূর্ণ বলে মনে করলেও অন্যদের মধ্যে হিসাবের পদ্ধতি ও ভারতের নিজস্ব দারিদ্র্য পরিসংখ্যান প্রকাশ না করার বিষয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের মতে, দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা মানেই মানুষের জীবন থেকে অভাব দূর হয়ে যাওয়া নয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে দেশটির অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি বৈষম্যও আলোচনায় রয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও সম্পদের অসম বণ্টনের বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, দেশটির মোট সম্পদের প্রায় ৪০ শতাংশের মালিক শীর্ষ এক শতাংশ মানুষ।

হেমার বিয়ে হয়েছিল মাত্র ১১ বছর বয়সে। তাঁর স্বামী হরির পরিবার ঐতিহ্যগতভাবে মাটির হাঁড়ি-পাতিল তৈরি করত। কিন্তু সেই কাজ থেকে সংসারের প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়লে হরি রাস্তায় ফুচকার মতো জনপ্রিয় ভারতীয় খাবার পানিপুরি বিক্রি শুরু করেন। করোনাভাইরাস মহামারির সময় সেই ব্যবসাও বন্ধ হয়ে যায়।

এরপর সংসারের হাল ধরতে কাজে নামেন হেমা। গত এক বছর ধরে প্রতিবেশীদের বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ও বাসন ধুয়ে মাসে প্রায় ৫ হাজার রুপি আয় করছেন তিনি। পরিবারের কোনো কৃষিজমি নেই। খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুই কিনতে হয় বাজার থেকে।

হেমার ভাষ্য, কাজ শুরু করার পর সংসারে কিছুটা স্বস্তি এলেও এখন আয় করা অর্থ আগের চেয়ে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি ঋণের পরিমাণও বাড়ছে। কয়েক বছরে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, সে তুলনায় তাঁদের আয় বাড়েনি।

বিশ্বব্যাংক ভারতের দারিদ্র্য কমার পেছনে নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেছে। তবে নারীদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত বেতনের কাজের সুযোগ এখনো বড় চ্যালেঞ্জ।

দেশটির সরকার প্রতি মাসে প্রায় ৮০ কোটি মানুষকে বিনা মূল্যে বা ভর্তুকি মূল্যে খাদ্যশস্য দিয়ে থাকে। বিশ্বব্যাংকের মতে, এ কর্মসূচি চরম দারিদ্র্য কমাতে ভূমিকা রেখেছে। কিন্তু জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় সরকারি সহায়তা অনেক পরিবারের জন্য যথেষ্ট হচ্ছে না।

ভারতের সরকারি ভোক্তা মূল্যসূচকের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ভোক্তা পর্যায়ের দাম অন্তত ৫১ শতাংশ বেড়েছে। একই সময়ে মজুরি বৃদ্ধির গতি সেই মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারেনি।

সরকারি বিদ্যালয় ও হাসপাতালের মতো কিছু সেবা বিনা মূল্যে বা স্বল্প খরচে পাওয়া গেলেও সেগুলোর মান ও সুযোগ-সুবিধা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ রয়েছে।

দুই মাস আগে হেমার ছেলে দিব্যাংশের জ্বর ও সর্দি-কাশি বেড়ে গেলে তিনি তাকে সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সরকারি হাসপাতালে দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত রোগীর চাপ এবং চিকিৎসক-সংকটের কারণে সন্তানের চিকিৎসা নিয়ে ঝুঁকি নিতে চাননি তিনি।

সেখানে চিকিৎসা করাতে হেমার খরচ হয় প্রায় ৬ হাজার রুপি, যা তাঁর এক মাসের আয়ের চেয়েও বেশি। হেমার আশঙ্কা, এভাবে প্রতিবার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো তাঁদের পক্ষে সম্ভব নয়।

তিনি চান না, তাঁর ছেলে বেসরকারি হাসপাতাল ও সেখানকার ওষুধের ওপর নির্ভরশীল হয়ে উঠুক। কিন্তু সন্তানের অসুস্থতার সময় সরকারি হাসপাতালের বিকল্প খুঁজতে গিয়ে তাঁকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে।

নয়াদিল্লির উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রার মতে, ভারতের দারিদ্র্যসীমা বাস্তবতার তুলনায় অনেক নিচে। ফলে দারিদ্র্যসীমার ওপরে থাকা একটি পরিবারও সামান্য বিপর্যয়ে আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে। মহামারি, খরা, বন্যা কিংবা বিয়ের মতো পারিবারিক আয়োজনও এমন আর্থিক ধাক্কার কারণ হতে পারে।

রাজসমন্দের হেমার প্রতিবেশী ৩১ বছর বয়সী সুশীলা সালভির জীবনেও এমন ঘটনা ঘটেছে। আট বছর ধরে সাজসজ্জার কাজ শিখে তিনি ছোট একটি পার্লার চালু করেছিলেন। সেখান থেকে আয় করে মেয়ের উচ্চশিক্ষার জন্য অর্থ জমাচ্ছিলেন।

কিন্তু ১৪ বছর পর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর চিকিৎসার জন্য তাঁকে বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। মাতৃত্বকালীন চিকিৎসায় প্রায় ৬৫ হাজার রুপি খরচ হওয়ায় তাঁর সঞ্চয় শেষ হয়ে যায়। এমনকি মেয়ের মাসে ৬০০ রুপির অতিরিক্ত শিক্ষার ব্যবস্থাও বন্ধ করতে হয়।

মেহরোত্রা মনে করেন, বিশ্বব্যাংকের দারিদ্র্যসীমা নির্ধারণের পদ্ধতিতেও সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে গ্রাম ও শহরের মানুষের জীবনযাত্রার ব্যয় এবং প্রয়োজনের পার্থক্য যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয় না।

নয়াদিল্লির উপকণ্ঠে বসবাসকারী ৩৭ বছর বয়সী সীমা কুমারের পরিবারও একই ধরনের অনিশ্চয়তায় রয়েছে। তিন সদস্যের সংসারে মাসে প্রায় ২০ হাজার রুপি খরচ হয়। উৎসব কিংবা ১৭ বছর বয়সী ছেলের জন্মদিনের মতো বাড়তি ব্যয় সামলাতে তাঁকে ঋণ নিতে হয়।

সম্প্রতি দীপাবলি উৎসবের পর দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করলে সীমার পরিবারও স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। পরদিন বিষাক্ত ধোঁয়াশার মধ্যে কাজে যাওয়ার পর সন্ধ্যায় তাঁর ছেলের গলাব্যথা শুরু হয়। পরিবারের সবার সর্দি দেখা দেয়, আর সীমা তীব্র মাথাব্যথা নিয়ে বিছানায় পড়ে থাকেন।

অর্থের অভাবে ছেলের জন্য একটি মাস্কও কিনতে পারেননি তিনি। সীমার প্রশ্ন, এমন পরিস্থিতিতেও কীভাবে তাঁদের আর দরিদ্র বলা হবে না 

রাজসমন্দে হেমা এখনো প্রতিদিন কাজ করেন। সংসারের খরচ চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতে হয় তাঁকে।

সম্প্রতি ছেলের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে জ্বালানি ভরার সামর্থ্য নেই বলে জানান স্বামী হরি। পরে হেমা নিজেই মোটরসাইকেলের তেলের খরচ দেওয়ার প্রস্তাব দেন।

হেমার সবচেয়ে বড় স্বপ্ন, তাঁর ছেলে যেন পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু সংসারে এক দিন কাজ করতে না পারলেও তাঁদের আবার চরম অভাবের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য কমার পরিসংখ্যানের আড়ালে হেমাদের মতো পরিবারের জীবন তাই একটি বড় প্রশ্ন সামনে আনছে দারিদ্র্যসীমা অতিক্রম করলেই কি মানুষের জীবনে নিরাপত্তা, স্বস্তি ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত হয়

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন