- ১৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। দেশটিতে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়ার প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার পরও গুয়ায়াকিল বন্দরের কাছাকাছি একটি বিমানঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতার খবর সামনে আসায় এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) এক সাক্ষাৎকারে নোবোয়া বলেন, ইকুয়েডরের তাউরা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের উপস্থিতি ছিল দুই দেশের সহযোগিতার আওতায় পরিচালিত সাময়িক কার্যক্রমের অংশ। এটি কোনো মার্কিন সামরিক ঘাঁটি নয়, বরং ইকুয়েডরের নিজস্ব ঘাঁটি।
তিনি বলেন, কখনো নির্দিষ্ট কোনো মিশন, আবার কখনো বিশেষ অভিযান পরিচালনার প্রয়োজন হয়। এ ধরনের কাজে দুই দেশ একসঙ্গে সহযোগিতা করে। তবে এর অর্থ এই নয় যে সেখানে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি রয়েছে।
নোবোয়ার এই বক্তব্যের আগে গত মাসে বার্তা সংস্থা এএফপির এক অনুসন্ধানী প্রতিবেদনে তাউরা বিমানঘাঁটিতে অস্বাভাবিক মার্কিন সামরিক উপস্থিতির তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি সামরিক উড়োজাহাজের ফ্লাইট শনাক্ত করা হয়েছে। সেখানে কয়েক ডজন তাঁবু স্থাপন এবং অবকাঠামো নির্মাণকাজেরও প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি ঘাঁটিতে মার্কিন সেনাসদস্যদের উপস্থিতি নিয়ে কিছু নথিও সংগ্রহ করেছে সংস্থাটি।
তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে নোবোয়া মার্কিন উড়োজাহাজের উপস্থিতি নিয়ে বিস্তারিত কিছু বলেননি। এমনকি সাংবাদিকের তাউরা বিমানঘাঁটি পরিদর্শনের অনুরোধও এড়িয়ে যান তিনি।
তাউরা বিমানঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে ইকুয়েডরের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়েও প্রশ্ন উঠেছিল। এএফপির প্রতিবেদনে বলা হয়, দেশটির তৎকালীন বিমানবাহিনীর প্রধান জেনারেল মাউরিসিও সালাজার সেপ্টেম্বরে পাঠানো এক চিঠিতে ওই সামরিক উপস্থিতির আইনগত বৈধতা স্পষ্ট করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন।
এর কিছুদিন পর তাঁকে পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে বদলি করা হয়।
তবে ইকুয়েডরে মার্কিন সামরিক উপস্থিতির প্রকৃত পরিধি এখনো প্রকাশ করা হয়নি। এদিকে মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ওয়াশিংটন ও কুইটোর মধ্যে সহযোগিতা জোরদার হচ্ছে। এএফপির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের সময় পেন্টাগন, মার্কিন সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড এবং ইকুয়েডরের বিমানবাহিনী এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
ইকুয়েডরের সংবিধানে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রেসিডেন্ট নোবোয়া এ নিষেধাজ্ঞা তুলে দিতে সংবিধান সংশোধনের পক্ষে প্রচার চালিয়েছিলেন। তবে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত গণভোটে ভোটাররা তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
ফলে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি না থাকলেও দেশটিতে মার্কিন সামরিক সদস্যদের উপস্থিতি ও কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র এখন ইকুয়েডরের অন্যতম প্রধান সহযোগী। এ সহযোগিতার আওতায় দেশটিকে সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য এবং সরাসরি সামরিক সহায়তা দেওয়া হচ্ছে।
তবে সংস্থাটি দুই দেশের এই অংশীদারত্বকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে। তাদের আশঙ্কা, সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে যুদ্ধের যুক্তি তুলে ধরে উভয় সরকারই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে পড়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক জলসীমায় মাদক পরিবহনের অভিযোগে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে। লাতিন আমেরিকার মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন কয়েকটি কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
এ পরিস্থিতিতে ইকুয়েডরে মার্কিন সামরিক তৎপরতার প্রকৃতি ও আইনগত বৈধতা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। বিশেষ করে গণভোটে বিদেশি সামরিক ঘাঁটির অনুমোদন প্রত্যাখ্যাত হওয়ার পর তাউরা বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও উড়োজাহাজের উপস্থিতি নিয়ে প্রেসিডেন্টের ব্যাখ্যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।