- ১৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জোরালো হচ্ছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হতে আর কয়েক সপ্তাহ বাকি থাকলেও এখনো কোনো প্রার্থীকে ঘিরে ঐকমত্য তৈরি হয়নি। আটজন প্রার্থীর মধ্যে চলছে সমর্থন আদায়ের চেষ্টা। অন্যদিকে, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা পুরো নির্বাচনপ্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।
আগামী ৩১ ডিসেম্বর গুতেরেসের দায়িত্ব শেষ হওয়ার কথা। জাতিসংঘের ইতিহাসে নির্ধারিত সময়ের মধ্যে নতুন মহাসচিব নির্বাচন করতে না পারার ঘটনা আগে ঘটেনি। তবে এবার রাজনৈতিক মতবিরোধ ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে নতুন বছরের শুরুতে বিশ্বের প্রধান বহুপক্ষীয় কূটনৈতিক সংস্থাটি নেতৃত্বসংকটে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে কয়েকজন প্রার্থীকে ঘিরে প্রতিযোগিতা থাকলেও শেষ পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ এবং তুরস্কের মনোনীত প্রার্থী ফেরিদুন সিনিরলিওগলুর অন্তর্ভুক্তি প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ বদলে দিয়েছে। এখন পর্যন্ত এমন কোনো প্রার্থী সামনে আসেননি, যিনি নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সবার সমর্থন বা অন্তত ভেটো এড়ানোর নিশ্চয়তা পেয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু একজন নতুন মহাসচিব বেছে নেওয়ার বিষয় নয়; বরং জাতিসংঘের ভেতরে ভবিষ্যতে কারা কতটা রাজনৈতিক প্রভাব বিস্তার করবে, তারও পরীক্ষা। যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জর্জিনা হোমসের ভাষায়, বহুপক্ষীয় ব্যবস্থার ওপর চাপ ও আক্রমণের এই সময়ে জাতিসংঘের রাজনৈতিক প্রভাব নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে।
জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর মনোনীত আটজন বর্তমানে মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন। তাঁদের বেশির ভাগই লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের। জাতিসংঘের অনানুষ্ঠানিক আঞ্চলিক রীতির সঙ্গে এ বিষয়টি সামঞ্জস্যপূর্ণ। আট প্রার্থীর মধ্যে পাঁচজন নারী। ফলে এবার জাতিসংঘ প্রথমবারের মতো একজন নারী মহাসচিব পেতে পারে এমন প্রত্যাশাও রয়েছে।
প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকা প্রার্থীদের একজন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক জরিপে গ্রিনস্প্যান ১২টি ‘উৎসাহমূলক’ এবং তিনটি ‘নিরুৎসাহমূলক’ ভোট পেয়েছেন। এ জরিপে কোন দেশ কী ভোট দিয়েছে, তা প্রকাশ করা হয়নি।
তবে এগিয়ে থাকলেও তাঁর প্রার্থিতা নিয়ে আপত্তি রয়েছে। বিশ্লেষকদের মতে, জাতিসংঘের বর্তমান কাঠামো ও সংকট মোকাবিলায় তিনি যথেষ্ট সংস্কার আনতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমর্থন পাওয়া তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ, এই দুই দেশের যেকোনো একটির ভেটো তাঁর নির্বাচনের পথ আটকে দিতে পারে।
গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে আঙ্কটাডের কিছু প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা ওয়াশিংটনের অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। আবার কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহনের চুক্তি স্থগিত করার বিষয়ে রাশিয়ার যুক্তির সঙ্গেও অতীতে দ্বিমত প্রকাশ করেছেন গ্রিনস্প্যান। তবে সমর্থন পেতে তিনি গুরুত্বপূর্ণ সদস্যদেশগুলোর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
প্রার্থীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। সর্বশেষ অনানুষ্ঠানিক জরিপে তিনি নয়টি ‘উৎসাহমূলক’ এবং চারটি ‘নিরুৎসাহমূলক’ ভোট পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের ধারণা চীন ও রাশিয়ার সমর্থন পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদিও সাম্প্রতিক সময়ে বেইজিং ও মস্কো সম্পর্কে ইতিবাচক বক্তব্য দিয়েছেন তিনি।
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীরা হলেন গায়ানার কূটনীতিক ক্যারোলিন রড্রিগেস বিরকেট, অ্যান্টিগুয়া ও বারবুডার মারিয়া ফার্নান্দা এস্পিনোসা এবং ইকুয়েডরের ইভোনে এ-বাকি। তবে সর্বশেষ জরিপে তাঁদের অবস্থান তুলনামূলক দুর্বল। এস্পিনোসা ১০টি এবং এ-বাকি ১৪টি ‘নিরুৎসাহমূলক’ ভোট পেয়েছেন। রড্রিগেস বিরকেট পেয়েছেন পাঁচটি এমন ভোট।
এদিকে উগান্ডার রাজনীতিক ওলারা ওতুনু একমাত্র অবশিষ্ট আফ্রিকান প্রার্থী। সর্বশেষ জরিপে তাঁর বিরুদ্ধে নয়টি ‘নিরুৎসাহমূলক’ ভোট পড়েছে।
প্রতিদ্বন্দ্বিতার শেষ পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ এবং তুরস্কের মনোনীত ফেরিদুন সিনিরলিওগলুর প্রার্থিতা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
নুসেইবেহকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পছন্দের প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে সুদানে নৃশংসতার অভিযোগে অভিযুক্ত আধাসামরিক বাহিনীকে সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র সরবরাহের অভিযোগ তাঁর প্রার্থিতাকে প্রশ্নের মুখে ফেলেছে। আমিরাত অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ জরিপে নুসেইবেহ ছয়টি ‘নিরুৎসাহমূলক’ ভোট পেয়েছেন। তাঁর জন্য চীনের সমর্থন আদায় বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
অন্যদিকে, সিনিরলিওগলুর প্রার্থিতার বিরোধিতা করতে পারে নিরাপত্তা পরিষদের সদস্য গ্রিস। সর্বশেষ জরিপে তিনি আটটি ‘নিরুৎসাহমূলক’ ভোট পেয়েছেন।
এ ছাড়া আনুষ্ঠানিক প্রার্থী না হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হাঙ্গেরির সাবেক ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নাম বিকল্প হিসেবে আলোচনায় এসেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
জাতিসংঘের মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে কোনো প্রার্থীকে অন্তত নয়টি ভোট পেতে হবে। একই সঙ্গে পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের কোনো দেশই তাঁর বিরুদ্ধে ভেটো দিতে পারবে না। নিরাপত্তা পরিষদের সুপারিশের পর ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।
তবে অনানুষ্ঠানিক জরিপে কোনো প্রার্থী নিরুৎসাহমূলক ভোট পেলেই যে তিনি শেষ পর্যন্ত ভেটোর মুখে পড়বেন, বিষয়টি এমন নয়। নির্বাচনপ্রক্রিয়া নিয়ে কাজ করা নাগরিক সমাজের প্রচারাভিযান ‘ওয়ান ফর এইট বিলিয়ন’-এর উপদেষ্টা বেন ডোনাল্ডসনের মতে, অতীতে এ ধরনের ভোটকে প্রার্থীর কাছ থেকে ছাড় আদায়ের কৌশল হিসেবেও ব্যবহার করা হয়েছে। কখনো কখনো নতুন মহাসচিবের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে কোনো স্থায়ী সদস্যরাষ্ট্রের নাগরিককে নিয়োগ দেওয়ার মতো সমঝোতাও হয়েছে।
নতুন মহাসচিব নির্বাচন এমন এক সময়ে হচ্ছে, যখন জাতিসংঘ নানা দিক থেকে চাপে রয়েছে। ইরান ও ইউক্রেনের সংঘাতসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংকটে সংস্থাটির ভূমিকা সীমিত হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনার মুখেও রয়েছে জাতিসংঘ। এর সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক সংকট, যার কারণে সংস্থাটিকে হাজারো কর্মী ছাঁটাই করতে হয়েছে।
বিশ্লেষকদের মতে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে রাজনৈতিক সমঝোতার অভাব এবারের নির্বাচনকে আরও কঠিন করে তুলেছে। নরওয়ের স্টাভাঙ্গার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এলেন রাভনডালের মতে, দীর্ঘায়িত নির্বাচনপ্রক্রিয়া এবং ঐকমত্যে পৌঁছানোর ব্যর্থতা বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা ও জাতিসংঘের ধারাবাহিক সংকটেরই প্রতিফলন।
তবে অতীতের কয়েকটি নির্বাচনের তুলনায় এবারের প্রতিযোগিতা দীর্ঘ হলেও একেবারে নজিরবিহীন নয় বলে মনে করেন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিসি রিসার্চের জেনেভা কার্যালয়ের প্রধান অ্যাডাম ডে। তাঁর মতে, নির্বাচন যত দীর্ঘ হবে, নতুন মহাসচিবের দায়িত্ব গ্রহণের আগে প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার সময় তত কমে আসবে।
বছরের শেষ নাগাদ নতুন মহাসচিব নির্বাচিত না হলে কীভাবে সংস্থার নেতৃত্ব পরিচালিত হবে, সে বিষয়ে জাতিসংঘ সনদে স্বয়ংক্রিয় কোনো অন্তর্বর্তী উত্তরসূরির বিধান নেই। সে ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের অন্যান্য সংস্থাকে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা ঠিক করতে হবে।
নির্বাচনপ্রক্রিয়া পর্যবেক্ষকদের একাংশের আশঙ্কা, প্রভাবশালী দেশগুলো সময়ক্ষেপণের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে এগিয়ে নেওয়ার চাপ তৈরি করতে পারে। এতে শেষ পর্যন্ত তুলনামূলক কম জনপ্রিয় কোনো প্রার্থীকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, কিংবা কিছু সময়ের জন্য নেতৃত্বহীন অবস্থায় পড়তে পারে জাতিসংঘ।