- ১৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের জন্য প্রণীত খসড়া নীতিমালাই চূড়ান্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে চূড়ান্ত করার আগে নীতিমালার কিছু ভাষাগত সংশোধন করা হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, খসড়া নীতিমালায় বড় ধরনের কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। মূলত কয়েকটি বিষয়ে ভাষাগত সংশোধন আনা হবে। এসব সংশোধন শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনকে নিয়ে আরেকটি সভা হবে। এরপর নীতিমালাটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
খসড়া নীতিমালায় বলা হয়েছে, জনস্বার্থ, স্থানীয় প্রয়োজন, শিক্ষার উন্নয়ন এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় দেশের যেকোনো স্থানে অবস্থিত যেকোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে সরকার। এ প্রক্রিয়ার আগে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে সরেজমিনে প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
জাতীয়করণের জন্য মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয় কিংবা মহাবিদ্যালয়ের নিজস্ব দখল ও মালিকানায় খেলার মাঠসহ অন্তত দুই একর শর্তমুক্ত, অখণ্ড ও নিষ্কণ্টক উপযুক্ত জমি থাকতে হবে।
শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রেও প্রতিষ্ঠানভেদে আলাদা মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি শ্রেণিতে কমপক্ষে ৫৫ জন শিক্ষার্থী থাকতে হবে। জেলা সদর উপজেলার ক্ষেত্রে এ সংখ্যা ১২০ জন।
উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ে উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানে প্রতি শ্রেণিতে ন্যূনতম ৮০ জন শিক্ষার্থী থাকার শর্ত রাখা হয়েছে। উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রতিটি বিভাগে থাকতে হবে অন্তত ১২০ জন শিক্ষার্থী। জেলা সদর উপজেলার ক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ে প্রতি শ্রেণিতে ১২০ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রতিটি বিভাগে ২০০ জন শিক্ষার্থী থাকতে হবে।
মহাবিদ্যালয়ের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রতিটি বিভাগে অন্তত ১২০ জন এবং স্নাতক পর্যায়ে প্রতিটি বিভাগে ১৬০ জন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে। জেলা সদর উপজেলার মহাবিদ্যালয়ের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিভাগপ্রতি ন্যূনতম ২০০ জন এবং স্নাতক পর্যায়ে ২৮০ জন শিক্ষার্থী থাকতে হবে।
প্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে পাবলিক পরীক্ষার ফলাফলকে গুরুত্বপূর্ণ বিবেচনায় রাখা হয়েছে। খসড়া অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্তত ৯০ শতাংশকে পাবলিক পরীক্ষায় অংশ নিতে হবে। এ পর্যায়ে পাসের হারও ন্যূনতম ৯০ শতাংশ হতে হবে।
উচ্চমাধ্যমিক পর্যায়ে পাসের হার কমপক্ষে ৮০ শতাংশ এবং স্নাতক (পাস) পর্যায়ে ৭০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি শুধু একটি বছরের ফল নয়, আগের পাঁচ বছরের পাবলিক পরীক্ষার গড় ফলাফলও মূল্যায়ন করা হবে।
খসড়া নীতিমালায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান ও দূরত্বের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। যেসব উপজেলায় কোনো সমপর্যায়ের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই, সেখানে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে উপজেলা সদর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত প্রতিষ্ঠানকে জাতীয়করণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে, যেসব উপজেলায় সমপর্যায়ের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেখানে তুলনামূলক দূরবর্তী প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে এমন প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব রয়েছে।
প্রতিষ্ঠানের গ্রন্থাগারে বইয়ের সংখ্যাও জাতীয়করণের অন্যতম শর্ত হিসেবে রাখা হয়েছে। খসড়া অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে অন্তত দুই হাজার, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে তিন হাজার এবং মহাবিদ্যালয়ে পাঁচ হাজার বই থাকতে হবে।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, স্কাউটিং ও গার্লস গাইড কার্যক্রম, কম্পিউটার শিক্ষা, বিএনসিসি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরীক্ষাগার সুবিধা নিশ্চিত করার শর্তও রাখা হয়েছে।
খসড়া নীতিমালায় আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা, দুর্গম, দারিদ্র্যপীড়িত এবং শিক্ষার হার তুলনামূলক কম এমন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। চরাঞ্চল, হাওর ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার প্রতিষ্ঠানও এ বিবেচনায় এগিয়ে থাকতে পারে।
এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, আয়তন ও জনসংখ্যার অনুপাতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কম এমন এলাকার প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে। প্রতিষ্ঠার সময়কাল, আগের পাঁচ বছরের মোট শিক্ষার্থীসংখ্যা ও পরীক্ষার ফলাফলও বিবেচনায় নেওয়া হবে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
তবে জাতীয়করণের জন্য প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডি কার্যকর থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
খসড়ার এসব শর্ত চূড়ান্ত নীতিমালায় কতটা অপরিবর্তিত থাকবে, তা নির্ভর করছে পরবর্তী বৈঠকের সিদ্ধান্তের ওপর। ওই বৈঠকের পর প্রজ্ঞাপন জারি হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়া ও যোগ্যতার বিষয়গুলো আরও স্পষ্ট হবে।