Tuesday, November 17, 2026

সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ নিয়েও ফরম পূরণ করেননি ৫৬ হাজারের বেশি শিক্ষার্থী


ফাইল ছবিঃ পরীক্ষার হল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষার সুযোগ দিয়েছে সরকার। তবে নতুন এই সুযোগ কাজে লাগাতে আগ্রহ দেখাননি ৫৬ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। এক মাসের মধ্যে আবারও পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকলেও তাঁরা কেন ফরম পূরণ করেননি, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। তাঁদের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন। সে হিসাবে অকৃতকার্য শিক্ষার্থীদের প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ এই সুযোগ গ্রহণ করেননি।

আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এক বা দুই বিষয়ে অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। গত ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। আর পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ নভেম্বর।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৭১ হাজার ১৬৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ হাজার ৮৬৯টি আবেদন এসেছে রাজশাহী বোর্ড থেকে।

অন্যদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ১৪ হাজার ৪০৬ জন শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় বসার জন্য ফরম পূরণ করেছেন।

অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে যশোরে ৩৯ হাজার ২৩২ জন, দিনাজপুরে ৩৭ হাজার ৯১১ জন, চট্টগ্রামে ৩১ হাজার ৫৪১ জন, কুমিল্লায় ২৭ হাজার ৬৫৩ জন, সিলেটে ২১ হাজার ৪২০ জন এবং ময়মনসিংহে ২১ হাজার ৩১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ১৮ হাজার ৬৪০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৩৪ হাজার ৭৫৪ জন শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। তাঁদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ তৈরি করা হলেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর আবেদন না করার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন