Sunday, November 15, 2026

নিরাপত্তা জোরদারে ঢাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ, তল্লাশির ক্ষমতা কর্তৃপক্ষের


ফাইল ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যানবাহন প্রবেশ ও চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তার প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশকারী যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহন, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের পণ্যবাহী যান এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে প্রবেশকারী যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্দেশনাটি যথাযথভাবে মেনে চলতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত ১০ নভেম্বর বেলা দুইটার পর কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

ওই ঘটনায় মো. সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কারচালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়।

এর আগের দুই দিনেও বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর এসব ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যানবাহন চলাচলে নতুন নিয়ন্ত্রণ আরোপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন