- ১১ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পটুয়াখালী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন ডেপুটি রেজিস্ট্রারকে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগের জন্য যোগ্য বিবেচনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালা অনুসরণ না করে প্রকাশিত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের আদেশের পরও নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
গত ২৬ অক্টোবর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ২০২৬ সালের ২২ জুন ও ১৬ আগস্ট প্রকাশিত পবিপ্রবির সহকারী অধ্যাপক নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করার পাশাপাশি বিজ্ঞপ্তিগুলো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদের একজন প্রার্থী ড. মো. শামসুজ্জোহা সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী এ রিট আবেদন করেন। এতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ইউজিসি, কমিশনের চেয়ারম্যান, পবিপ্রবি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, পবিপ্রবি গত ২২ জুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে ১৬ আগস্ট সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া হয়। এসব বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করা হয়।
রিটকারীর অভিযোগ, বিজ্ঞপ্তিতে নির্ধারিত যোগ্যতার শর্ত ইউজিসির ২০২১ সালে প্রণীত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নে অনুসরণীয় অভিন্ন নীতিমালা’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা, গবেষণাপত্রের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে।
আবেদনে ইউজিসির নীতিমালার উল্লেখ করে বলা হয়েছে, কৃষিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি প্রভাষক হিসেবে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫০ এবং স্বীকৃত জার্নালে অন্তত তিনটি গবেষণাপত্র প্রকাশের শর্ত রয়েছে।
অন্যদিকে, পবিপ্রবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে পিএইচডি ডিগ্রিধারীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়াই সহকারী অধ্যাপক পদে আবেদনের সুযোগ রাখা হয়েছে বলে রিটে অভিযোগ করা হয়। পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত শিথিল এবং দুটি গবেষণাপত্র থাকলেও আবেদনের সুযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫০-এর শর্তও যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে দাবি করা হয়েছে।
রিটকারীর বক্তব্য, এভাবে যোগ্যতার মানদণ্ড শিথিল করায় তুলনামূলক কম অভিজ্ঞতা ও কম গবেষণাপত্র থাকা প্রার্থীরাও নিয়োগের প্রতিযোগিতায় আসার সুযোগ পাচ্ছেন। এতে অধিক যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।
পবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার সহকারী অধ্যাপক পদে আবেদন ও তাঁদের যোগ্য বিবেচনার বিষয়টি নিয়ে আগেও আলোচনা হয়েছে। এবার কৃষিতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদের প্রার্থী হিসেবে তিন ডেপুটি রেজিস্ট্রারের নাম সামনে এসেছে।
তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেনের স্ত্রী ডেপুটি রেজিস্ট্রার জিনাত নাসরিন সুলতানা, উপ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডেপুটি রেজিস্ট্রার রাহাত মাহমুদ এবং ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মদ তুষার।
তাঁদের কয়েকজনের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্নাতক পর্যায়ের ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ইউজিসির নির্দেশনার বাইরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়োগবিধি অনুযায়ী তাঁরা আবেদন করার যোগ্য বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল।
এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেছেন, কর্মকর্তা থেকে সহকারী অধ্যাপক হওয়ার কোনো সুযোগ নেই। পবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগের বিষয়টি কমিশনের নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে।
রিট আবেদনে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতার একটি অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতেই ইউজিসি নীতিমালা প্রণয়ন করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩-এর ৫(১) ধারার উল্লেখ করে রিটে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রয়োজন নিরূপণ এবং এর উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের ক্ষমতা কমিশনের রয়েছে।
রিটকারীর দাবি, ইউজিসির অভিন্ন নীতিমালা উপেক্ষা করে নিয়োগের যোগ্যতা নির্ধারণ করায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও সমান প্রতিযোগিতার সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী বলেও রিটে উল্লেখ করা হয়েছে। এসব অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, সরকারি নিয়োগে সমান সুযোগ এবং আইনানুগ আচরণের অধিকারের কথা বলা হয়েছে।
হাইকোর্টের আদেশে বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে রুলের শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২২ জুন ও ১৬ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সহকারী অধ্যাপক পদে নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিক বলেন, পবিপ্রবি প্রশাসন ইউজিসির অভিন্ন নীতিমালা অনুসরণ না করেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে শিক্ষাগত যোগ্যতা, গবেষণাপত্র এবং শিক্ষকতার অভিজ্ঞতার মতো গুরুত্বপূর্ণ শর্ত শিথিল করা হয়েছে, যা আইনপরিপন্থী বলে তাঁদের দাবি।
তিনি আরও বলেন, হাইকোর্টের আদেশের ফলে সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে। তাঁর অভিযোগ, ইউজিসির নির্দেশনা মানার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা অনুসরণ করছে না।
আইনজীবী সানজিদ সিদ্দিকের ভাষ্য, নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতে সন্তোষজনক বক্তব্য ও অবস্থান তুলে ধরতে ব্যর্থ হলে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর বিষয়টি সামনে আসতে পারে। তাঁর মতে, পরিস্থিতি বিবেচনায় স্থগিতাদেশ আরও তিন মাস থেকে এক বছর পর্যন্ত বাড়তে পারে।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা যাবে।