- ১১ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পরও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের জন্য দেশটির সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলোতে পূর্ণাঙ্গ প্রবেশাধিকার এখনো অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও এ বিষয়ে বড় ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে না।
সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এনপিটির প্রতি ইরানের অঙ্গীকার বহাল রয়েছে। তবে দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আইএইএর সঙ্গে স্বাভাবিকভাবে সহযোগিতা করা কঠিন হয়ে পড়েছে।
বাঘাইয়ের ভাষ্য, পারমাণবিক স্থাপনায় হামলার কারণে নিরাপত্তা সুরক্ষাব্যবস্থা ও পরিদর্শনসংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আইএইএর সঙ্গে স্বাভাবিক সময়ের মতো সহযোগিতা সম্ভব নয়। একই সঙ্গে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির সমালোচনাও পুনর্ব্যক্ত করেন তিনি।
তবে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কয়েক দিন আগে আইএইএর নতুন পরিদর্শন হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘাই। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক স্থাপনা, যেখানে সংস্থাটির পরিদর্শকদের প্রবেশাধিকার রয়েছে। যুদ্ধের সময় কেন্দ্রটিতে সরাসরি হামলা না হলেও এর আশপাশে কয়েক দফা মার্কিন বিমান হামলা হয়। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি রুশ কর্মীদের একটি অংশকে সরিয়ে নেওয়া হয়েছিল। তাঁদের সবাই এখনো ফিরে আসেননি।
অন্যদিকে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি অক্টোবরের শেষ দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, প্রয়োজনীয় তথ্য ও প্রবেশাধিকার না পাওয়ায় ইরানের পারমাণবিক উপাদানের অবস্থা যাচাই করতে পারছে না সংস্থাটি।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক আলী ভায়েজের মতে, ইরান এখনো এনপিটির ভেতরে থাকার অবস্থান বজায় রাখলেও চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না। তাঁর ভাষ্য, বুশেহর কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিয়ে তেহরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদের দর-কষাকষির অবস্থান ধরে রাখছে।
এসব সংবেদনশীল স্থাপনার মধ্যে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক কেন্দ্র রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাতাঞ্জের কাছে ভূগর্ভস্থ পিকঅ্যাক্স মাউন্টেন কমপ্লেক্সসহ ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এ ধরনের হুমকি তেহরানের কট্টরপন্থীদের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার দাবিকে আরও জোরালো করেছে।
ইরানের সাবেক পারমাণবিক আলোচক ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং গবেষক সৈয়দ হোসেইন মুসাভিয়ান মনে করেন, এনপিটির অঙ্গীকার বজায় রাখা এবং বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনায় পরিদর্শনের অনুমতি দেওয়া দুটি আলাদা বিষয় হিসেবে দেখছে তেহরান। তাঁর মতে, সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য আইএইএর প্রতিষ্ঠিত কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। এ ছাড়া ইরানের আশঙ্কা, সংবেদনশীল স্থাপনায় প্রবেশাধিকার পেলে সেখানকার তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে পৌঁছাতে পারে এবং ভবিষ্যতে তা নতুন হামলার কাজে ব্যবহৃত হতে পারে।
এনপিটি চুক্তি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের পাশাপাশি শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার স্বীকার করে। চুক্তির আওতায় ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পায়। বিনিময়ে দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি, সংগ্রহ বা অধিগ্রহণ না করার অঙ্গীকার করতে হয়। পাশাপাশি আইএইএর নিরাপত্তা যাচাই ও তথ্য সরবরাহের ব্যবস্থাও মেনে চলতে হয়।
চুক্তি থেকে বেরিয়ে যেতে হলে কোনো দেশকে এমন পরিস্থিতির কথা জানাতে হয়, যেখানে অসাধারণ কোনো ঘটনা তার সর্বোচ্চ জাতীয় স্বার্থকে বিপন্ন করেছে বলে বিবেচিত হয়। তবে এনপিটি কোনো দেশকে প্রচলিত সামরিক হামলা থেকে সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দেয় না।
ইরানের কট্টরপন্থীরা দীর্ঘদিন ধরেই যুক্তি দিয়ে আসছেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থাকলেও দেশটির পারমাণবিক স্থাপনাগুলো সামরিক হামলার ঝুঁকিতে রয়েছে। এ কারণে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার দাবি দেশটির রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে।
ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি একাধিকবার প্রকাশ্যে এনপিটি থেকে সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। এ ছাড়া ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি চলতি সপ্তাহের শুরুতে বলেছেন, দেশটির পারমাণবিক নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।
এদিকে নতুন করে বড় ধরনের সংঘাত এড়াতে কাতার ও পাকিস্তানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, আগামী কয়েক মাসে উত্তেজনা আবারও বাড়তে পারে।
ইরান জানিয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার অনুমতি দেবে না তারা। তবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে দেশের ভেতরেই ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা কমানোর বিষয়ে আলোচনা করতে পারে। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান। তবে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মতো সমৃদ্ধকরণের মাত্রা সীমিত করার বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছে দেশটি। ওই চুক্তি থেকে ২০১৮ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় একতরফাভাবে সরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
বিশ্লেষক আলী ভায়েজের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কার্যকর সমঝোতায় পৌঁছাতে হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুতের পরিমাণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি হরমুজ প্রণালিসহ বৃহত্তর অঞ্চলের সংঘাতের বিষয়গুলোও সমাধান করতে হবে।
তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাস্তবসম্মত ছাড় পেলে ইরান সীমিত পরিসরে পরিদর্শনের সুযোগ দিতে পারে। এ ক্ষেত্রে ২০২৫ সালের সেপ্টেম্বরে ইরান ও আইএইএর মধ্যে হওয়া কায়রো চুক্তির ভিত্তিতে ধাপে ধাপে পরিদর্শন চালুর সম্ভাবনাও রয়েছে। ওই চুক্তিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন পারমাণবিক স্থাপনায় আইএইএর পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় চালুর কথা ছিল। তবে চুক্তিটি শেষ পর্যন্ত কার্যকর হয়নি।
মুসাভিয়ানের মতে, শুধু সীমিত পরিসরের কোনো সমঝোতা দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আস্থার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। এ জন্য সামগ্রিক নিরাপত্তা ও পারমাণবিক ইস্যু নিয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি প্রয়োজন। তা না হলে হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা কম।
ফলে এনপিটি থেকে সরে না যাওয়ার ঘোষণা দিলেও ইরানের পারমাণবিক কর্মসূচিতে স্বচ্ছতা ফেরানো এবং আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় চালু করা নির্ভর করছে যুদ্ধ বন্ধের আলোচনা ও বৃহত্তর কূটনৈতিক সমঝোতার ওপর।