- ১১ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১০ নভেম্বর) জোটের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ধারাবাহিক পোস্টে এসব তথ্য জানান। হামলার জন্য ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করেন তিনি। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বাসিন্দাদের মোবাইল ফোনে আকাশপথে হামলার আশঙ্কার কথা জানিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা পাঠানো হয়। পরে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
এদিকে হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। হামলায় রাজধানীর উত্তরে জাদার জেলার আল-মুফাজির গ্যাস স্থাপনা এবং দক্ষিণ সানায় রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তারা।
সাবার প্রতিবেদনে বলা হয়, আল-মুফাজির স্থাপনায় গ্যাসবাহী ট্রেইলারে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছেন বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা। তবে সানায় হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোট তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত বেড়েছে। সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিচ্ছে। সরকারপন্থি বাহিনীর স্থল অভিযানে সহায়তা করতে জোট বিমান হামলাও চালাচ্ছে। অন্যদিকে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের তেল অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
এর মধ্যেই সোমবার সৌদি আরবের মদিনা অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটে। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, হামলায় সীমিত আকারে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। পাইপলাইনের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলেও দাবি করা হয়। ওই ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে ইরানের বিধিনিষেধের কারণে সৌদি আরবের তেল রপ্তানির জন্য পূর্ব-পশ্চিম পাইপলাইনটি এখন বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে পাইপলাইনটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এর আগে রোববার রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করেছিল হুথিরা। সৌদি কর্মকর্তারা জানান, হামলা প্রতিহত করার চেষ্টার সময় পড়ে আসা ধ্বংসাবশেষে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনের সামান্য ক্ষতি হয়েছে। সৌদি সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতে রিয়াদ অঞ্চলের উপ-গভর্নরসহ কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করতে দেখা যায়।