Wednesday, November 11, 2026

ইহুদি স্থাপনা ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার পরিকল্পনা, অভিযুক্ত তিনজন


ছবিঃ যুক্তরাষ্ট্র ও ইউরোপে কথিত 'সন্ত্রাসী' হামলার ঘটনায় তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র; এর মধ্যে যুক্তরাজ্যে বিমান ঘাঁটিতে হামলার ষড়যন্ত্রের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থানে প্রায় ২০টি হামলা এবং হামলার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তাঁদের ইরান-সমর্থিত অপারেটিভ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রসিকিউটররা। এসব ঘটনার মধ্যে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগও রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, অভিযুক্ত তিন ব্যক্তি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং ইরাকের সশস্ত্র সংগঠন কাতাইব হিজবুল্লাহর হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি, মোহসেন মোহাজেরি এবং মোহাম্মদ আলী আল-হাসানি। তাঁদের মধ্যে আল-সাদি বর্তমানে নিউইয়র্কে মার্কিন হেফাজতে রয়েছেন। বাকি দুজনের অবস্থান সম্পর্কে প্রসিকিউটররা কোনো তথ্য জানাননি।

মামলার অভিযোগের কেন্দ্রবিন্দু যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি। সেখানে একসময় মার্কিন সেনা ও বোমারু বিমান মোতায়েন ছিল। ইরানের বিরুদ্ধে যুদ্ধে বোমারু বিমান পরিচালনার জন্যও ঘাঁটিটি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।

গত সেপ্টেম্বরে স্থানীয় এক কৃষক কয়েকটি সাদা ভ্যান নিয়ে একদল ব্যক্তির সন্দেহজনক কর্মকাণ্ড দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ফেয়ারফোর্ড ঘাঁটি এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে। তাঁদের সবাইকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে দুজনকে আবারও গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে।

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, ৩৫ বছর বয়সী ইরাকি নাগরিক আল-হাসানি অন্যদের ভ্যান নিয়ে বিমানঘাঁটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই ভ্যানগুলোর কয়েকটিতে জ্বালানির ব্যারেল ছিল। হামলার পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহারের জন্য ধাতব বস্তু কিনতে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থ দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। এসব বস্তু বিস্ফোরণ বা হামলার সময় ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতি বাড়াতে ব্যবহার করা হতে পারে বলে তদন্তকারীদের ধারণা। একই সঙ্গে ভ্যানগুলোকে জ্বালানি সরবরাহকারী গাড়ির মতো সাজানোর পরিকল্পনাও ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ৩২ বছর বয়সী আল-সাদি যিনি ইরান ও ইরাকের দ্বৈত নাগরিক কোড ভাষায় বার্তা আদান-প্রদানের মাধ্যমে আল-হাসানি ও ৪৮ বছর বয়সী ইরানি নাগরিক মোহাজেরির সঙ্গে যোগাযোগ ও পরিকল্পনা সমন্বয় করতেন বলে দাবি করেছেন প্রসিকিউটররা। অভিযোগ অনুযায়ী, ইরাকে থাকা নিজের মা ও বোনের সঙ্গে ফোনে কথা বলার সময় সাংকেতিক ভাষা ব্যবহার করে তিনি অন্যদের কাছে নির্দেশনা পৌঁছে দিতেন।

ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ইরান-সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠনের পক্ষে একটি সন্ত্রাসী হামলার ধারাবাহিকতা পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করেছেন। এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপের ইহুদি সম্প্রদায় এবং মার্কিন সেনাসদস্য অবস্থানরত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটি।

তিনি আরও বলেন, ইরান ও দেশটির সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকিকে কাল্পনিক হিসেবে দেখার সুযোগ নেই; যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এটি বাস্তব উদ্বেগের বিষয়।

এদিকে, ফেয়ারফোর্ড ঘটনার কয়েক দিন পর ওই ঘাঁটি থেকে নিজেদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে ইরান শুরু থেকেই সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে। নতুন করে আনা অভিযোগের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আল-সাদির বিরুদ্ধে অভিযোগ অবশ্য এর আগেই প্রকাশ্যে এনেছিল যুক্তরাষ্ট্র। গত মে মাসে মার্কিন কর্তৃপক্ষ দাবি করে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় হামলার নির্দেশনা দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রতিশোধ হিসেবে মার্কিন নাগরিকদের হত্যার পরিকল্পনার অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।

এসব ঘটনার মধ্যে গত এপ্রিলে লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা এবং ইউরোপের বিভিন্ন দেশে সিনাগগ, ইসরায়েলি ব্যবসাপ্রতিষ্ঠান ও ইহুদি স্কুলে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তবে লন্ডনের ছুরিকাঘাতের ঘটনায় কেউ প্রাণ হারাননি।

মে মাস থেকে মার্কিন হেফাজতে থাকা আল-সাদি জুনে আগের অভিযোগগুলোর বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। সে সময় তিনি নিজেকে ‘যুদ্ধবন্দি’ বলেও উল্লেখ করেছিলেন। গ্রেপ্তারের পর থেকে তাঁকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। মঙ্গলবারের নতুন অভিযোগপত্রে ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার পরিকল্পনায় তাঁর কথিত ভূমিকা যুক্ত করার পাশাপাশি মোহাজেরি ও আল-হাসানির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ইরানের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে যুক্তরাজ্যের আরেকটি বিমানঘাঁটি আরএএফ মিলডেনহল থেকেও মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবারের ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ওই ঘাঁটি থেকে অন্তত ১২টি বিমান সরানো হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে হুমকির আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন