Wednesday, November 11, 2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় ১৫–৩০ নভেম্বর, পরীক্ষা ফেব্রুয়ারিতে


ছবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশোধিত এ সময়সূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিকের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ক্ষেত্রে ফল প্রকাশের পর আরও সাত দিন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি শুক্রবার বি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে দুই ধাপে সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং বেলা ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এর পরদিন ১৩ ফেব্রুয়ারি শনিবার সি ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের পরীক্ষাও একই সময়ে দুই ধাপে নেওয়া হবে।

এ ছাড়া ২০ ফেব্রুয়ারি শনিবার এ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার সময়ও নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং বেলা ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে জনসংযোগ দপ্তর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন