Tuesday, November 10, 2026

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারির আগে নয়, আবেদন শুরু জানুয়ারির পর


প্রতীকী ছবিঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে না। একই সঙ্গে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারির পর। সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরও ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের সময়সূচি ও পদ্ধতি নিয়ে আলোচনার জন্য সভাটির আয়োজন করা হয়েছিল।

সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে জানান, সব বিশ্ববিদ্যালয়ে ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আবেদন গ্রহণ শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারির পর।

সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার সব ফলাফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য রয়েছে। সে কারণে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমও ওই সময়ের পর শুরু করার সিদ্ধান্ত হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, তাদের নতুন সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান, সেই লক্ষ্যেই সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সব শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ আরও সমান ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশা করছে ইউজিসি।

ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও সভায় আলোচনা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান জানান, চলতি শিক্ষাবর্ষে গত বছরের মতোই মূলত বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের কেবল মুখস্থনির্ভর জ্ঞান যাচাইয়ের পরিবর্তে বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা মূল্যায়নের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যে বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান, সেই বিষয়ে তাদের মৌলিক জ্ঞান ও সামর্থ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ লক্ষ্যে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করা যায় কি না, তা নিয়ে উপাচার্যদের মতামত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি ও মতামত পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির ক্ষেত্রে পবিত্র রমজান মাস বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানিয়েছে ইউজিসি। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখে যেন সংঘাত তৈরি না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদেরও জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা করবে।

ভর্তি কার্যক্রমে সারা বছর সমন্বয় বজায় রাখতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় আলোচনায় এসেছে। প্রস্তাব অনুযায়ী, কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা থাকবেন। কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ে কাজ করবে। আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, সেটিও বিবেচনায় রয়েছে।

ইউজিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা ১০ লাখের বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে চার লাখের বেশি আসন।

এত বিপুলসংখ্যক আসনের বিপরীতে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

তবে ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নিতে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার বিষয়টি অক্ষুণ্ন রাখার কথা জানিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন ও বিধিবিধান অনুসারে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। কমিশন এ ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে; কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ আশা প্রকাশ করেন, উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে। শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।

Super Admin

PNN

Please Login to comment in the post!

you may also like