- ১০ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। হামলার সময় তিনি এক তরুণীর সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় ছিলেন।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে হামলায় জড়িত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিসোর্টের সামনের সড়ক দিয়ে অটোরিকশায় যাওয়ার সময় এক ব্যক্তি হাসিবকে লক্ষ্য করে গালাগাল ও আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে অটোরিকশাটি থামলে ওই ব্যক্তি তাঁর সঙ্গে হাত মেলান। এরপর আবারও তাঁকে উদ্দেশ করে কটূক্তি করে হঠাৎ হামলা চালান। পরিস্থিতি বুঝতে পেরে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান। ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়ায় হামলাকারীর হাতে চাপাতির মতো ধারালো অস্ত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়।
রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার তিন দিন আগে হাসিব আল ইসলাম ওই রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে তিনি এক তরুণীকে সঙ্গে নিয়ে রিসোর্ট থেকে বের হন। অটোরিকশায় কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। আত্মরক্ষার্থে হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন।
ওই কর্মচারী আরও জানান, পরে হাসিবের হাতে ক্ষত দেখতে পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করে। কিছুক্ষণ পর তাঁরা আবার অটোরিকশায় করে রেলস্টেশনের উদ্দেশে রওনা হন।
এ বিষয়ে বক্তব্য জানতে হাসিব আল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন। সংগঠনটির নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর হাসিব ট্রেনে করে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস বলেন, হাসিব কুমিল্লা থেকে আবার শ্রীমঙ্গলে ফিরবেন। তিনি ফিরে এলে থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
অন্যদিকে, শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী জানান, এ ধরনের একটি হামলার ঘটনা সম্পর্কে তাঁরা শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর হামলার কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে এ বিষয়ে পুলিশি তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।