- ১১ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খুলনা
খুলনায় প্রায় ২০ ঘণ্টার ব্যবধানে ককটেল নিক্ষেপ, বিএনপি কার্যালয়ের ব্যানারে আগুন এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক এসব ঘটনায় কেউ হতাহত না হলেও শহর ও আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে খুলনা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে আগুন লাগে। এতে বগির একটি আসন ক্ষতিগ্রস্ত হয়।
স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, ঢাকা থেকে আসা ট্রেনটি রাত ১২টার দিকে খুলনা স্টেশনে পৌঁছায়। পরে ভোররাতে বগির একটি আসনে আগুন দেখা গেলে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়। তার ধারণা, বগিতে ঘুমানোর জন্য জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হলে তা আরও বড় আকার ধারণ করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
রেলওয়ের খুলনা বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শামীম হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত আসনটি মেরামতের জন্য সকালে বগিটি সরিয়ে ওয়ার্কশপে নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে বিকল্প বগি যুক্ত করে ট্রেনটি ‘মহানন্দা’ নামে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুর এলাকায় কৃষক দলের নেতাকর্মীদের একটি আলোচনা সভা লক্ষ্য করে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। সেভ অ্যান্ড সেভের সামনে একটি টিনশেড কক্ষে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সভা চলছিল। তবে নিক্ষিপ্ত বস্তুটি বিস্ফোরিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
মহানগর কৃষক দলের আহ্বায়ক সজিব তালুকদার জানান, সভা চলাকালে দুর্বৃত্তরা লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না; খবর পেয়ে পরে ঘটনাস্থলে যান। তিনি আরও জানান, যে কক্ষে সভা হচ্ছিল, সেটি কোনো দলীয় কার্যালয় নয়। নেতাকর্মীরা সেখানে বসে আলোচনা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। কৃষক দলের নেতাকর্মীদের সভা চলাকালে সভাস্থলের সামনে এটি নিক্ষেপ করা হলেও বিস্ফোরিত হয়নি।
অন্যদিকে মঙ্গলবার ভোরে খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগার ভিটার সামনে উপজেলা বিএনপির কার্যালয়ের ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের সময় মোটরসাইকেলে করে দুই যুবক কার্যালয়ের সামনে আসেন। কিছুক্ষণ অবস্থানের পর তারা কার্যালয়ের সামনে থাকা ব্যানারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাদের মুখে মুখোশ থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দুই যুবক ব্যানারে আগুন দিয়ে চলে গেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
প্রায় ২০ ঘণ্টার ব্যবধানে খুলনার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পৃথক ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, সেগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।