- ১১ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলার জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে চালক ও তাঁর সহকারীর তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে দুর্বৃত্তরা লরিটির চাকায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে চালক ও তাঁর সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় লরির টায়ারের কিছু অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী আরও জানান, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে একই রাতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জনকে আটক করেছে পুলিশ।