- ১১ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লায় ঝাড়ফুঁকের কথা বলে বাসায় প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণ এবং বাধা দেওয়ায় তাঁর মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার একটি বাসায় ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে প্রবেশ করেন মোবারক। সেখানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ করেন। এ সময় তাঁর মা তাহমিনা বেগম ঘটনাটি দেখে প্রতিবাদ করলে মোবারক মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ৯ সেপ্টেম্বর মোবারক হোসেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন তিনি।
পুলিশের তদন্ত শেষে মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৬ সালের ২০ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ গঠনের দুই মাস ১৫ দিনের মধ্যে মামলার রায় ঘোষণা করা হলো।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার জানান, আসামি নিজেই মা ও মেয়েকে হত্যার দায় স্বীকার করেছিলেন। মামলার সাক্ষ্য-প্রমাণ ও সার্বিক বিচারিক বিশ্লেষণ বিবেচনায় নিয়ে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।