Tuesday, November 10, 2026

রাজশাহীর আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


প্রতীকী ছবিঃ লাশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে বুলবুল হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আল নূর গেস্ট হাউস আবাসিক-২-এর একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুলবুল হোসেনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। ব্যবসায়িক কাজে তিনি প্রায়ই রাজশাহী নগরীতে আসতেন এবং বিভিন্ন সময় ওই হোটেলে অবস্থান করতেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে বুলবুলের কক্ষের সামনে গিয়ে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা বিছানার ওপর বুলবুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, বুলবুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসার প্রয়োজনে নগরীতে এসে মাঝেমধ্যে ওই হোটেলে থাকতেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা রাজশাহীতে এসেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

আবাসিক হোটেলের কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন