Tuesday, November 10, 2026

রাজশাহী বিমানবন্দরের ফটকে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রী টুকুকে


ছবিঃ রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশের ফুলগাছের ভেতর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনায় বিমানবন্দরে সাময়িকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে প্রধান ফটকের পরিবর্তে পেছনের বিকল্প গেট দিয়ে বের করে দেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে বস্তু দুটি দেখতে পান স্থানীয় এক পথচারী। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এর প্রায় পাঁচ মিনিট পর প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের মধ্যে দুটি গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। পরে তিনি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অবহিত করেন।

পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে ভেতরে অবস্থানরত যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প মসজিদ গেট খুলে দেওয়া হয়।

ঘটনার সময় ভিআইপি লাউঞ্জে থাকা মন্ত্রীকে বিষয়টি জানানো হলে নিরাপত্তার কারণে তাকে বিমানবন্দরের পেছনের বিকল্প গেট দিয়ে বের করা হয়। এরপর তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকেন। তা সত্ত্বেও বস্তু দুটি সেখানে কখন বা কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়।

বস্তু দুটি কারা এবং কী উদ্দেশ্যে বিমানবন্দরের প্রধান ফটকের পাশে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন