Monday, November 9, 2026

দিনাজপুরে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণের দাবি


ছবিঃ ডিসি অফিসের গেটসহ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। দিনাজপুর

দিনাজপুর শহরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের প্রধান ফটকসহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আওয়ামী লীগ দিনাজপুর নামে একটি ফেসবুক পেজে বিস্ফোরণের ভিডিও প্রকাশ করে এসব ঘটনার কথা প্রচার করা হয়েছে। তবে পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

রোববার (৮ নভেম্বর) রাত ১০টার পর থেকে শহরের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ফেসবুকের ওই পেজে দাবি করা হয়। স্থানগুলোর মধ্যে রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক, মহারাজার মোড়, কাঞ্চনঘাট, দশমাইল ও পুলহাট।

প্রকাশিত ভিডিওতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়। পোস্টে দাবি করা হয়, রাত ১০টার আগে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে কার্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যের সত্যতা নাকচ করেছেন পুলিশ কর্মকর্তারা। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। দিনাজপুরে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, দীপাবলি উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণের ভিডিও ও একাধিক স্থানের নাম ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করা যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন