Monday, November 9, 2026

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ‘পলিটিক্যাল স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর


ছবিঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের জন্য আবেদন করার বিষয়টিকে ‘পলিটিক্যাল স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার দাবি, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা বাস্তব কোনো আইনগত পদক্ষেপ নিচ্ছেন না; বরং এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছেন।

সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা কখনো দেশে ফিরবেন না বলে তিনি মনে করেন। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে পাসপোর্টের আবেদন করার বিষয়টি জনমনে বিভ্রান্তি তৈরির প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার খবরের সত্যতা এখনো যাচাই করতে পারেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গণমাধ্যমে এ বিষয়ে খবর দেখেছেন। তবে আবেদনটি আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আবেদনটির আইনগত ভিত্তি রয়েছে কি না, যথাযথ নিয়মে করা হয়েছে কি না এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার আছে কি না, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত বিধান বিবেচনায় নেওয়া হবে। পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে অবস্থান জানাবে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

এর আগে সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে জানা যায়, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা এ আবেদন-সংক্রান্ত চিঠি হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির জন্য এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে চিঠির সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন, সরকারের আইনগত পর্যালোচনা এবং ভারত থেকে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ সব মিলিয়ে বিষয়টি ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।



Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন