Monday, November 9, 2026

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক, ইরান ইস্যুতে সমঝোতার চেষ্টা


ছবিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে কাতারি কর্মকর্তাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকের জন্য তাদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন (সংগৃহীত । আল জাজিরা /জিম লো স্কালজো/পুল ভায়া ইপিএ)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে বিরোধ মেটাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকটি রুদ্ধদ্বার পরিবেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতার দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে। এবারের আলোচনাতেও সেই মধ্যস্থতার ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ট্রাম্পের পক্ষ থেকে ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরুর ইঙ্গিত দেওয়ার পর তেহরানও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কাতারসহ আঞ্চলিক কয়েকটি দেশ যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবার কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি পারমাণবিক ও শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে তেহরানের অবস্থান হলো, যুক্তরাষ্ট্রকে আগে তাদের সাতটি দাবি মেনে নিতে হবে। এরপরই পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে রাজি হবে দেশটি। প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনা করছে ওয়াশিংটন।

ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, দেশটির কাছে ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৯০ শতাংশ। ফলে বর্তমান মাত্রা থেকে অস্ত্রোপযোগী পর্যায়ে পৌঁছাতে প্রযুক্তিগত ব্যবধান তুলনামূলক কম।

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ওই চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সর্বোচ্চ সীমা ৩ দশমিক ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে ইরান সমৃদ্ধকরণের মাত্রা বাড়ায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করলে তেহরান কঠোর জবাব দেবে। তাঁর ভাষায়, হামলা হলে ইরান ‘নরক নামিয়ে আনবে’।

গত মাসে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানিয়েছিলেন, কাতারের মধ্যস্থতায় দুই দিনের একটি প্রস্তাব তৈরি করেছে তেহরান। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের ঘোষিত সাত দিনের পরিকল্পনার ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি খুলে দিয়ে আগের মতো নৌ চলাচল স্বাভাবিক করা হবে।

ইরানের সাত দফা দাবির মধ্যে রয়েছে ইসলামাবাদে জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমানো এবং ওই সমঝোতার আওতায় জুনে দেওয়া তেল রপ্তানির ছাড় পুনর্বহাল করা। এ ছাড়া কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দ অর্থ ছাড়ের দাবিও জানিয়েছে তেহরান।

হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের সমন্বয়ে নির্ধারিত নতুন নৌপথকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এবং অন্য সব নৌপথ বন্ধ রাখার দাবিও রয়েছে ইরানের প্রস্তাবে। পাশাপাশি লেবাননে ইসরায়েলের হামলাসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের শর্ত দিয়েছে দেশটি।

গত সপ্তাহে ৪৮ ঘণ্টার মধ্যে আঞ্চলিক ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন আরাগচি। এসব আলোচনায় বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। অন্যদিকে ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি শনিবার ট্রাম্পকে নতুন করে হামলা না চালানোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাবের মুখোমুখি হতে হবে।

রোববার ট্রাম্প বলেছেন, ইরানে সামরিক অভিযান আবার শুরু হলে হামলার জন্য নতুন কিছু লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। তবে আলোচনার মাধ্যমে শক্তিশালী কোনো সমঝোতা হলে নতুন করে হামলার সম্ভাবনা ‘খুবই কম’ বলে মন্তব্য করেছেন তিনি।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদও জানিয়েছেন, মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র একটি সমাধানে পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আগ্রহ দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসের যোগাযোগ চলছে এবং আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনার অগ্রগতি নিয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। রোববার ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। যুদ্ধটি জনমত অনুযায়ী জনপ্রিয় না হলেও ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের ঝুঁকিকে বাস্তব হুমকি হিসেবে চিহ্নিত করেছেন বলে দাবি করেন তিনি।

রুবিও বলেন, ট্রাম্প কূটনৈতিক সমাধান চান। কিন্তু ইরানের কিছু দাবি শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং কয়েকটি দাবি তাঁর ভাষায় ‘অবাস্তব ও অযৌক্তিক’।

আলোচনায় বড় কোনো অগ্রগতির কাছাকাছি পৌঁছানো গেছে এমনটা বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা চলছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার ইরানে হামলা পুনরায় শুরুর পক্ষে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ দিচ্ছেন।

অ্যাক্সিওসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে সেন্টকম। তবে ওয়াশিংটনের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা ও অবকাঠামো ধ্বংস করার সম্ভাবনার কথা বলেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি প্রস্তুত অবস্থায় রয়েছে। সামরিক অভিযান শুরু হলে সেগুলো থেকে আবারও হামলা চালানো হতে পারে।

ট্রাম্পের দাবি, ইরানের ৩৮টি সেতুসহ বিভিন্ন অবকাঠামোকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে অন্তত দুবার ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত আকারে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অতিক্রমের চেষ্টা করছে এমন অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়ার কথাও জানিয়েছে ওয়াশিংটন।

রুবিও বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আত্মরক্ষামূলক পদক্ষেপ নেবে। অঞ্চলে মার্কিন সেনা বা নৌ চলাচলের জন্য স্পষ্ট ও তাৎক্ষণিক হুমকি তৈরি হলে নিজেদের রক্ষার অধিকার ওয়াশিংটনের রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও বিমানবাহিনীও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। রোববার বাহিনীটির ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষ কোনো ভুল করলে তার জবাব হবে ভয়াবহ ও কঠোর। তাঁর দাবি, আগামী বহু বছরের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সক্ষমতা নিশ্চিত করে রেখেছে ইরান।

সব মিলিয়ে একদিকে কাতারের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা, অন্যদিকে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি দুই বিপরীতমুখী পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান সংকট। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক থেকে উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায় কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন