- ০৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শীতের শুরুতেই ভারী বৃষ্টিতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত হাজারো পরিবার। টানা বৃষ্টিতে বিভিন্ন শরণার্থী শিবিরে পানি ঢুকে প্লাবিত হয়েছে ৭০ হাজারের বেশি তাঁবু। ভিজে নষ্ট হয়েছে বিছানা, কম্বল, কার্পেট ও সামান্য মজুত খাবার। ঝড়ো হাওয়ায় উপড়ে গেছে অনেক তাঁবু। আশ্রয়হীন মানুষের কাছে শীত এখন নতুন এক আতঙ্কের নাম।
শনিবার রাতে গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা এলাকায় নিজের তাঁবুতে ঘুমিয়ে ছিলেন সত্তরের বেশি বয়সী জাবের আল-কাসিহ ও তাঁর পরিবারের সদস্যরা। হঠাৎ তাঁবুর ভেতরে পানি ঢুকে পড়ায় ঘুম ভেঙে যায় সবার। কিছুক্ষণের মধ্যেই মেঝে পানিতে ডুবে যায়। ভিজে যায় পরিবারের বিছানাপত্র, কম্বল ও কার্পেট; নষ্ট হয় অল্প করে জমিয়ে রাখা খাবারও।
আল-জাজিরাকে জাবের বলেন, সবাই ঘুম থেকে উঠে আর ঘুমাতে পারেননি। তাঁরা প্রতিবেশীদের কাছে ছুটে গিয়ে কার তাঁবুর কতটা ক্ষতি হয়েছে, কার শিশুর কী অবস্থা—এসব জানতে চেষ্টা করেন। শরণার্থী শিবিরের বাইরের পুরো এলাকাটি যেন একটি সুইমিংপুলে পরিণত হয়েছিল।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ এমন সব এলাকায় আশ্রয় নিয়েছেন, যেগুলো বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও গাজায় মানবিক সংকট কাটেনি। চুক্তির আওতায় অস্থায়ী আবাসন, তাঁবু ও ধ্বংসস্তূপ সরানোর ভারী যন্ত্রপাতি প্রবেশের কথা থাকলেও সেগুলোর সরবরাহ এখনো বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। গাজার জন্য নির্ধারিত ৬০ হাজার মোবাইল হোম ও দুই লাখ তাঁবুর মধ্যে মাত্র ২০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি পেয়েছে। অন্যদিকে, অনেক মোবাইল হোম দুই বছরেরও বেশি সময় ধরে মিসর সীমান্তের ওপারে আটকে রয়েছে।
উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত জাবের আল-কাসিহের পরিবারের তাঁবুতে বসবাসের এটি চতুর্থ শীত। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে অন্য অনেক ফিলিস্তিনি পরিবারের মতো তাঁরাও বারবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় বদলাতে বাধ্য হয়েছেন।
জাবের জানান, গত শীতেই তাঁদের শিবিরে তিন থেকে চারবার পানি ঢুকেছিল। পরিস্থিতি সামাল দিতে অনেক পরিবার সেখান থেকে চলে যায়। বর্তমানে প্রায় ৪০টি তাঁবু টিকে থাকলেও সর্বশেষ বৃষ্টিতে সেগুলোর অবস্থাও আরও নাজুক হয়ে পড়েছে।
তিনি বলেন, শিবিরের সব তাঁবুই ক্ষতিগ্রস্ত, ছেঁড়া এবং কাদায় মাখামাখি হয়ে গেছে। সামনে আরও কঠিন দিন আসছে। এ অবস্থায় নতুন তাঁবু, ত্রিপল, প্লাস্টিকের চাদর, গদি, কম্বল ও কার্পেট জরুরি প্রয়োজন। এসব সামগ্রী বিতরণের কথা শোনা গেলেও তাঁদের পরিবার এখনো কিছুই পায়নি।
যুদ্ধবিরতি চুক্তির পর মোবাইল হোম কিংবা অস্থায়ী আবাসন পেয়ে অন্তত নিরাপদে থাকার সুযোগ হবে—এমন প্রত্যাশা করেছিলেন জাবের। কিন্তু তাঁর ভাষায়, সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবে রূপ নেয়নি।
গাজার বাস্তুচ্যুত মানুষের আবাসন সংকটের চিত্র তুলে ধরেছেন বেইত লাহিয়া থেকে আসা ওম হানি হামুদাও। বর্তমানে আজ-জাওয়াইদায় আশ্রয় নেওয়া এই নারী জানিয়েছেন, পুরোনো তাঁবুর পরিবর্তে একটি ছোট ক্যারাভান বা চলমান ঘর পাওয়াই এখন তাঁর স্বপ্ন।
আল-জাজিরাকে তিনি বলেন, প্রথম বৃষ্টিতেই তাঁবুগুলোর এমন অবস্থা হবে, তা তাঁরা ভাবেননি। এসব তাঁবু ঠান্ডা, ঝড় কিংবা বৃষ্টি থেকে সুরক্ষা দিতে পারে না। শীত এলেই সবাই আতঙ্কে দিন কাটান।
যুদ্ধবিরতির পর উত্তর গাজার বাড়িতে ফিরে যাওয়া কিংবা অন্তত একটি ক্যারাভান বা ঘর মেরামতের সামগ্রী পাওয়ার আশা করেছিলেন হামুদা। কিন্তু এখনো তেমন কোনো অগ্রগতি দেখছেন না তিনি।
তাঁর কথায়, তাঁরা শুধু সম্মানজনকভাবে বাঁচার সুযোগ চান। তাঁবুর বদলে একটি ক্যারাভান পেলেও সেটি তাঁদের জন্য অনেক বড় স্বস্তি হতো।
যুদ্ধের সময় তাঁর পরিবারকে প্রায় ১৫ বার বাস্তুচ্যুত হতে হয়েছে। যুদ্ধ শুরুর প্রায় দুই বছর আগে সংযুক্ত আরব আমিরাতে ১৫ বছরের বেশি সময় বসবাস ও কাজ করার পর গাজায় ফিরেছিলেন তিনি। এখনকার দুর্বিষহ পরিস্থিতিতে তাঁর সন্তানরা আগের জীবনের কথা মনে করে কাঁদে বলে জানান হামুদা।
ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের চেয়ারম্যান রামি আবদু আল-জাজিরাকে বলেন, ইসরায়েলি বিধিনিষেধের কারণে বিপুল পরিমাণ তাঁবু, ক্যারাভান, প্রিফ্যাব্রিকেটেড বা পূর্বনির্মিত আবাসন এবং আশ্রয়-সহায়তার সরঞ্জাম গাজার সীমান্তে আটকে রয়েছে।
তিনি জানান, ১৫ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ জরাজীর্ণ তাঁবুতে আরেকটি শীত পার করার ঝুঁকিতে রয়েছেন। শুধু তাঁবুতে থাকা মানুষই নন, বাড়ি বা অ্যাপার্টমেন্টে থাকা পরিবারগুলোরও নিরাপত্তা নেই। কারণ, ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে সেসব বাড়িঘরও বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে।
আবদুর দাবি, গাজার প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কোনো পরিবারই পুরোপুরি নিরাপদ নয়। কাঠ ও জরুরি আশ্রয়-সহায়তার সামগ্রীবাহী চালান প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব উপকরণ পাওয়া গেলে অনেক পরিবার নিজেদের ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করে সেখানে আশ্রয় নিতে পারত।
আন্তর্জাতিক আইন প্রসঙ্গে আবদু বলেন, দখলদার শক্তি হিসেবে চতুর্থ জেনেভা কনভেনশনের আওতায় ইসরায়েলের দায়িত্ব রয়েছে বেসামরিক মানুষের জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা এবং মানবিক সহায়তা প্রবেশে সহযোগিতা করা।
বৃষ্টির রাতে অসহায় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত ৫১ বছর বয়সী জিহাদ দাওয়াসও। আজ-জাওয়াইদার একটি শিবিরে নিজের সাত সন্তান এবং মৃত ভাইয়ের তিন এতিম সন্তানকে নিয়ে থাকেন তিনি।
তাঁর তাঁবুতে বৃষ্টির পানি ঢুকে গদি ও প্লাস্টিকের আচ্ছাদন ভিজিয়ে দেয়। ঝড়ো বাতাসে আশপাশের অনেক তাঁবুও উড়ে যায়। শিশুদের শুকনো জায়গায় শোয়ানোর কোনো ব্যবস্থা করতে না পেরে শেষ পর্যন্ত দাঁড়ানো অবস্থাতেই তাদের রাত কাটাতে হয় বলে জানান দাওয়াস।
আল-জাজিরাকে তিনি বলেন, বৃষ্টির পর সকালে ঠান্ডা ও ঝড়ের কারণে তাঁর কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়ে। সন্তানদের জন্য কিছুই করতে না পারার অনুভূতি তাঁকে অসহায় করে তুলেছিল।
দাওয়াস জানান, নিজের অর্থ দিয়েই পরিবারের তাঁবুটি কিনেছিলেন। কোনো দাতব্য সংস্থা কিংবা ত্রাণ কার্যক্রম থেকে তিনি তাঁবু পাননি। তাঁর মতে, একটি তাঁবু কখনো বাড়ির বিকল্প হতে পারে না।
যুদ্ধবিরতি চুক্তির পর বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য ক্যারাভান ও অস্থায়ী আবাসন আসবে বলে আশা তৈরি হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেসবের দেখা মেলেনি বলে অভিযোগ তাঁর। ত্রাণ বিতরণেও ন্যায্যতা নেই এবং তাঁদের খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
দাওয়াসের প্রশ্ন, মানুষের মাথা গোঁজার জন্য প্রয়োজনীয় তাঁবু ও ত্রিপল পেতেও কেন এত বাধা পেরোতে হবে? অন্তত এসব মৌলিক সামগ্রী দিয়ে পরিবারগুলোর সম্মানজনকভাবে বেঁচে থাকার ব্যবস্থা করা উচিত।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গাজায় আনুমানিক এক লাখ ২১ হাজার তাঁবু এবং পাঁচ লাখ ৬১ হাজার ত্রিপল প্রয়োজন। কিন্তু মজুত থাকা সামগ্রীর পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম।
যুদ্ধ, বাস্তুচ্যুতি ও অবকাঠামো ধ্বংসের পর গাজার মানুষের কাছে নিরাপদ আশ্রয় এখন সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি। কিন্তু শীতের বৃষ্টি শুরু হতেই সেই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতির বিপরীতে বাস্তুচ্যুত পরিবারগুলোর বাস্তবতা এখনো ভেজা তাঁবু, কাদামাখা বিছানা আর অনিশ্চিত রাতের মধ্যেই আটকে আছে।