- ০৯ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সিলেট
দেশের প্রযুক্তি গবেষণায় নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের পাঁচটি উদ্ভাবন। বাংলা সার্চ ইঞ্জিন থেকে শুরু করে চালকবিহীন গাড়ি, মানবসদৃশ রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কি-বোর্ড এবং ক্যানসার শনাক্তের সাশ্রয়ী প্রযুক্তি প্রতিটি উদ্যোগই একসময় আলোচনায় এসেছিল। কিন্তু প্রয়োজনীয় অর্থায়ন, রক্ষণাবেক্ষণ ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার অভাবে এসব উদ্ভাবনের বেশির ভাগই এখন কার্যত নিষ্ক্রিয়।
একসময় দেশজুড়ে সাড়া জাগানো এসব প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট গবেষক ও শিক্ষকদের ভাষ্য, প্রাথমিক পর্যায়ে সাফল্য এলেও দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং ধারাবাহিক সহযোগিতা না থাকায় উদ্ভাবনগুলোকে পরবর্তী ধাপে নেওয়া সম্ভব হয়নি।
বাংলা ভাষায় তথ্য অনুসন্ধানের জন্য নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরির লক্ষ্য নিয়ে শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ১১ সদস্যের একটি দল গবেষণা শুরু করে। সেই গবেষণার ফল হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু করে দেশের প্রথম পূর্ণাঙ্গ বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’।
প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের তৎকালীন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। মুখ্য গবেষক ও দলনেতা ছিলেন মো. রুহুল আমীন সজীব। প্রকল্পটির সঙ্গে সহযোগী হিসেবে যুক্ত ছিল গ্রামীণফোনের তথ্যপ্রযুক্তি বিভাগ জিপিআইটি। জানা যায়, ৩০ জন শিক্ষার্থীর থিসিস গবেষণার ভিত্তিতে প্রকল্পটির উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।
পিপীলিকার প্রাথমিক সংস্করণে বাংলা ও ইংরেজি ভাষায় তথ্য অনুসন্ধানের সুবিধা ছিল। দেশের প্রধান বাংলা ও ইংরেজি সংবাদপত্র, বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া এবং সরকারি তথ্যভান্ডার থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারত সার্চ ইঞ্জিনটি। ব্যবহারকারীরা এর মাধ্যমে সংবাদ, ব্লগ, উইকিপিডিয়া ও জাতীয় ই-তথ্যকোষ থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারতেন।
২০১৮ সালে পিপীলিকার নতুন সংস্করণ চালু করা হয়। এতে সাধারণ সার্চ সুবিধার পাশাপাশি যুক্ত হয় জব সার্চ, ক্রাউডসোর্স প্ল্যাটফর্ম, লাইব্রেরি, কেনাকাটা এবং সাম্প্রতিক সংবাদ বিভাগ। ফলে এটি শুধু সার্চ ইঞ্জিন নয়, বরং বাংলা ভাষাভিত্তিক একটি বিস্তৃত ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছিল।
তবে পরবর্তী সময়ে অর্থসংকট প্রকল্পটির অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পিপীলিকার কিছু সেবা গ্রহণের বিনিময়ে সরকারের এটুআই কর্মসূচি থেকে ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত আট কিস্তিতে মোট ১ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ৩৬৬ টাকা দেওয়া হয়। নবম কিস্তির ২১ লাখ ৭৪ হাজার ৬৫৩ টাকা পাওয়ার আগেই কর্মসূচিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর অর্থসংকট ও রক্ষণাবেক্ষণের অভাবে সার্চ ইঞ্জিনটির কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।
বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে সিএসই বিভাগের একাধিক গবেষক জানান, পর্যাপ্ত বাজেট ও রক্ষণাবেক্ষণের অভাবে পিপীলিকা সচল রাখা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে বর্তমান সরকারের এটুআই প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, ‘আমি এই বিষয়ে বলতে পারছি না। যারা আগে এই প্রকল্পের সঙ্গে ছিলেন, তারা ভালো বলতে পারবেন।’
দেশে চালকবিহীন গাড়ি তৈরির উদ্যোগ নিয়েও আলোচনায় এসেছিলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘সিনার্বোটিক্স’ দল কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর গাড়ি ‘অটোমামা’ তৈরি করে।
দলটির দাবি, এটি দেশের প্রথম সফল ‘লেভেল-২ অটোনোমাস ইলেকট্রিক ভেহিকল’। বাংলাদেশের সড়কের উপযোগী তথ্যভান্ডার ব্যবহার করে গাড়িটি তৈরি করা হয়েছিল। প্রাথমিক পর্যায়ে জনসাধারণের ব্যবহৃত সড়কে চলাচলের পরীক্ষায়ও সফলতা পেয়েছিল বলে জানিয়েছিলেন দলের সদস্যরা।
তবে উদ্ভাবনটি নিয়ে আগ্রহ তৈরি হলেও অর্থায়নের অভাবে এর উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রকল্পটির তত্ত্বাবধায়ক ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শাহিদুর রহমান বলেন, ‘যে ফান্ড ছিল সেটি শেষ হয়ে গেছে। এই প্রজেক্টের জন্য কোনো ফান্ড নাই, যার কারণে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আর ফান্ড না থাকলে এ রকম প্রজেক্ট দাঁড় করানো অসম্ভব।’
বাংলায় কথা বলা, নাচ করা, হাত মেলানো এবং নানা অঙ্গভঙ্গি প্রদর্শনে সক্ষম মানবসদৃশ রোবট ‘রিবো’ একসময় দেশের প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়েও প্রশ্নের উত্তর দিতে পারত রোবটটি।
২০১১ সালে শাবিপ্রবির তৎকালীন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও শিক্ষার্থী নওশাদ সজীবের উদ্যোগে ১১ সদস্যের একটি দল রোবট তৈরির কাজ শুরু করে। পরে ২০১৫ সালে বার্ষিক বিজ্ঞান কল্পকাহিনি উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি দলটিকে এক লাখ টাকা অনুদান দেয়। এর ধারাবাহিকতায় তৈরি হয় বাংলাদেশের প্রথম মানবসদৃশ রোবট হিসেবে পরিচিত ‘রিবো’।
রোবটটির বিভিন্ন ধরনের শারীরিক ও যোগাযোগের সক্ষমতা ছিল। এটি ২৪ ডিগ্রি কোণে স্বাধীনভাবে ঘুরতে পারত, নাচতে পারত, মুখের অভিব্যক্তি প্রকাশ করতে পারত এবং মানুষের সঙ্গে হাত মেলাতে পারত। হাত ওঠানো-নামানোর পাশাপাশি বাংলায় কথা বলা ও নিজের পরিচয় দেওয়ার সুবিধাও ছিল এতে।
তবে করোনা মহামারি ও জনবলসংকটের কারণে রোবটটির উন্নয়ন কার্যক্রম আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দলের সদস্যরা। ফলে সম্ভাবনাময় এই উদ্ভাবনও এখন কার্যত নিষ্ক্রিয়।
বাংলা টাইপিংকে সহজ ও গতিশীল করার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘একুশে বাংলা’ কি-বোর্ড তৈরি করেন শাবিপ্রবির সিএসই বিভাগের তৎকালীন সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি দল।
কি-বোর্ডটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি দ্রুত টাইপিং ও স্পর্শের মাধ্যমে লেখার সুবিধা যুক্ত করা হয়েছিল। ফলে বাংলা টাইপিংয়ে অভ্যস্ত না হলেও ব্যবহারকারীরা এর মাধ্যমে সহজে বাংলা লেখা শিখতে ও টাইপ করতে পারতেন। বাংলা ভাষায় প্রযুক্তির ব্যবহার সহজ করার ক্ষেত্রে উদ্যোগটি একসময় বেশ সাড়া ফেলেছিল।
তবে ২০২০ সালে উদ্ভাবক ও তৎকালীন শিক্ষক বিশ্বপ্রিয় চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে বিদেশে চলে যাওয়ার পর প্রকল্পটির কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। গুগল প্লে স্টোরে অ্যাপটি এখনো থাকলেও সেটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।
এ বিষয়ে সিএসই বিভাগের অধ্যাপক ড. শাহিদুর রহমান ও প্রভাষক ফাহিমুল ইসলাম ফাহিম বলেন, ‘এই উদ্ভাবনীর নেতৃত্বে ছিলেন তৎকালীন সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী, যিনি অনেক আগেই চাকরি ছেড়ে চলে গেছেন। যতটুকু শুনেছি, এটির কার্যক্রম বন্ধ আছে। তবে বিস্তারিত জানতে হলে বিশ্বপ্রিয় চক্রবর্তীর কাছে জানতে হবে।’
রক্তের নমুনা পরীক্ষা করে অল্প সময়ে ও তুলনামূলক কম খরচে ক্যানসার শনাক্তের সম্ভাবনা তৈরি করেছিল শাবিপ্রবির একদল গবেষকের উদ্ভাবিত ‘নন-লিনিয়ার অপটিকস’ পদ্ধতি। গবেষকদের দাবি ছিল, এ প্রযুক্তির মাধ্যমে মাত্র ১০ থেকে ২০ মিনিটে রক্ত পরীক্ষা করে ক্যানসারের সম্ভাব্য উপস্থিতি শনাক্ত করা সম্ভব হতে পারে।
হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের তৎকালীন অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। দলের অন্য সদস্যরা ছিলেন অধ্যাপক ড. শরীফ মো. শরাফ উদ্দিন, মনজ কান্তি বিশ্বাস ও এনামুল হক।
২০১৬ সালের মার্চে ‘নন-লিনিয়ার অপটিকস ব্যবহার করে বায়োমার্কার নির্ণয়’ শীর্ষক প্রকল্পটি হেকেপের আওতায় সিপি-৪০৪৪ হিসেবে গৃহীত হয়। প্রকল্পের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ‘নন-লিনিয়ার বায়ো-অপটিকস রিসার্চ ল্যাবরেটরি’ নামে একটি গবেষণাগার স্থাপন করা হয়।
গবেষণার পদ্ধতিতে ক্যানসারে আক্রান্ত ব্যক্তির রক্তের সিরামের ওপর শক্তিশালী লেজার রশ্মি প্রয়োগ করে এর নন-লিনিয়ার অপটিক্যাল বৈশিষ্ট্য পরিমাপ করা হয়। সেই বৈশিষ্ট্যের পরিবর্তন বিশ্লেষণ করে রক্তে ক্যানসারের সম্ভাব্য উপস্থিতি ও অবস্থা শনাক্তের বিষয়টি নিয়ে কাজ করেন গবেষকেরা।
প্রচলিত কিছু বায়োকেমিক্যাল পরীক্ষায় বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান বা রি-এজেন্ট ব্যবহার করতে হয়। গবেষকদের দাবি, তাদের উদ্ভাবিত পদ্ধতিতে এসব উপাদানের প্রয়োজন হয় না। ফলে তুলনামূলক কম সময়ে ও খরচে ক্যানসার শনাক্তের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে গবেষণাটিকে বাস্তব প্রয়োগের পর্যায়ে নিতে আরও কাজ ও যাচাই প্রয়োজন।
প্রকল্পটির অর্থায়ন শেষ হওয়ার পর গবেষণার ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। দলের সদস্য অধ্যাপক ড. শরীফ মো. শরাফ উদ্দিন বলেন, ‘হেকেপ প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পর বলা হয়েছিল যে আমাদের কাজটা চলমান রাখতে হবে এবং পরবর্তীতে যখন হিট প্রজেক্ট আসবে, তখন গুরুত্ব দিয়ে আমাদের বিষয়টি বিবেচনা করা হবে। পরে আমরা আবেদন করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি। টাকা ছাড়া তো গবেষণা হয় না। প্রজেক্টের ফান্ড না পাওয়ায় এখন আমাদের বেতনের টাকা থেকে মেইনটেন্যান্সের একটা বড় অংশ প্রতি মাসেই ব্যয় করতে হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের আলোচিত উদ্ভাবনগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, ‘উদ্ভাবনের বিষয়গুলো নিজস্ব বিভাগ ভালো বলতে পারবে। আমাদের পক্ষ থেকে উদ্ভাবনী কাজে যতটুকু সহযোগিতা করা যায়, আমরা তা অব্যাহত রাখব।’
শিক্ষক-শিক্ষার্থীদের এসব উদ্যোগ একসময় দেশের প্রযুক্তি গবেষণায় সম্ভাবনার নতুন দিগন্ত দেখিয়েছিল। কিন্তু উদ্ভাবনের প্রাথমিক সাফল্য ধরে রাখতে দীর্ঘমেয়াদি অর্থায়ন, দক্ষ জনবল, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত সহযোগিতা নিশ্চিত করা গেলে এসব প্রকল্পের কিছু অন্তত নতুন করে চালু করা এবং গবেষণার ফলকে বাস্তব ব্যবহারে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।