Wednesday, November 4, 2026

বিপিএসসির দুই বিজ্ঞপ্তিতে ১৯ ক্যাটাগরিতে ১৪৭ পদে নিয়োগ


ছবিঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

নন-ক্যাডার পদে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিজ্ঞপ্তি নম্বর ৭৮ থেকে ৯৬-এর আওতায় ১৯ ধরনের পদে মোট ১৪৭ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১ নভেম্বর; চলবে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিপিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের পাঁচ ধরনের পদে ১২ জন এবং নবম থেকে দ্বাদশ গ্রেডের ১৪ ধরনের পদে ১৩৫ জন নেওয়া হবে। আবেদন করতে হবে বিপিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।

বিজ্ঞপ্তি নম্বর ৭৮–৮২-এর আওতায় পঞ্চম ও ষষ্ঠ গ্রেডে নিয়োগ হবে। এর মধ্যে রয়েছে সিস্টেম অ্যানালিস্ট, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী প্রধান স্থপতি, প্রোগ্রামার এবং জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন)।

সিস্টেম অ্যানালিস্ট পদে তিনজন নিয়োগের কথা রয়েছে। এ পদে বেতন স্কেল ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে একজন, সহকারী প্রধান স্থপতি পদে দুজন, প্রোগ্রামার পদে একজন এবং জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) পদে পাঁচজন নেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

বিজ্ঞপ্তি নম্বর ৮৩–৯৬-এর আওতায় নবম থেকে দ্বাদশ গ্রেডে ১৩৫ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের মধ্যে রয়েছে আইন কর্মকর্তা, বয়লার পরিদর্শক, সহকারী রেফ্রিজারেশন প্রকৌশলী, গবেষণা কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার, প্রটোকল অফিসার, উপসহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী প্রটোকল অফিসার, ফটো টেকনিশিয়ান, সহকারী প্রশিক্ষক, সিনিয়র ইনস্ট্রাক্টর এবং নার্স মিডওয়াইফ।

এ অংশে সবচেয়ে বেশি ৮৪ জন নেওয়া হবে সাব-রেজিস্ট্রার পদে। এ ছাড়া নার্স মিডওয়াইফ পদে ১৯ জন, সহকারী প্রশিক্ষক পদে নয়জন এবং উপসহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে সাতজন নিয়োগ পাবেন। কয়েকটি পদে এক থেকে তিনজন করে নিয়োগ দেওয়া হবে।

বয়সসীমা পদভেদে নির্ধারণ করা হয়েছে। সিস্টেম অ্যানালিস্ট ও জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর। রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী প্রধান স্থপতি ও প্রোগ্রামার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর। অন্য পদগুলোর জন্য সাধারণভাবে বয়সসীমা ৩২ বছর; তবে গবেষণা কর্মকর্তা পদে সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছর।

প্রথম থেকে চতুর্দশ পদের আবেদন ফি ২০০ টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে এ ফি ৫০ টাকা। পঞ্চদশ থেকে ঊনবিংশ পদের জন্য আবেদন ফি ১৫০ টাকা।

আগ্রহী প্রার্থীরা বিপিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের আবেদন পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন