Tuesday, November 3, 2026

ফল বিপর্যয়ের কারণ জানতে ২৯৩ প্রতিষ্ঠানপ্রধানকে তলব শিক্ষা বোর্ডের


প্রতীকী ছবিঃ শিক্ষা মন্ত্রণালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ডেকেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রতিষ্ঠানগুলোতে ফল বিপর্যয়ের কারণ জানতে তাঁদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ ঠিক করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান। তিনি বলেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের ডাকা হয়েছে। তাঁদের বক্তব্য শোনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ফলাফলে ১১টি সাধারণ ও বিশেষায়িত শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।

এবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। ২০২৫ সালে এমন প্রতিষ্ঠান ছিল ২০২টি; এ বছর তা বেড়ে হয়েছে ২৯৩টি। অন্যদিকে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩৯টিতে। গত বছর শতভাগ পাস করেছিল ৩৪৫টি প্রতিষ্ঠান।

ফলাফলে আরও দেখা গেছে, এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। পাস করেছেন মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি এবং সামগ্রিক ফলের অবনতির কারণ খতিয়ে দেখতেই প্রতিষ্ঠানপ্রধানদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার উদ্যোগ নিয়েছে বোর্ড সমন্বয় কমিটি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন