Sunday, November 1, 2026

এইচএসসিতে ছাত্রীদের পাসের হার বেশি, উত্তীর্ণও ৬৬ হাজারের বেশি


ফাইল ছবিঃ ফল প্রকাশের পর উচ্ছসিত রাজধানীর একটি কলেজের শিক্ষার্থীরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায় ছেলেদের ছাড়িয়ে গেছে ছাত্রীরা। ১১টি শিক্ষা বোর্ডে এবার ছাত্রী পাস করেছেন ছাত্রদের চেয়ে ৬৬ হাজার ৩৭১ জন বেশি। পাসের হারেও ছাত্রীরা এগিয়ে রয়েছেন ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এর মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন, ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন।

ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। ছাত্রীদের ক্ষেত্রে এ হার ৫৬ দশমিক ৩১ শতাংশ।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডেও ছাত্রীদের পাসের হার ও উত্তীর্ণের সংখ্যা বেশি। এসব বোর্ডে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ জন ছাত্র এবং ৩ লাখ ১৩ হাজার ৪৬০ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ সাধারণ বোর্ডগুলোতে ছাত্রদের তুলনায় ৪৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী পাস করেছেন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ, ছাত্রীদের ৫৫ দশমিক ৪৫ শতাংশ।

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ৩৮ হাজার ৯৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৫ হাজার ২৭৮ জন। তাঁদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে ৫০ হাজার ৩৭৪ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ২৬৯ জন; পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডেও ছাত্রীরা এগিয়ে। এ বোর্ডে ২৮ হাজার ৮৬৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ১৭ হাজার ৭৯০ জন। তাঁদের পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ। ছাত্রদের মধ্যে ৭৪ হাজার ৮৪ জন পরীক্ষার্থীর ৩৩ হাজার ৯৯ জন উত্তীর্ণ হয়েছেন; পাসের হার ৪৪ দশমিক ৫৮ শতাংশ।

তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছাত্ররা সামান্য এগিয়ে রয়েছেন। ১১টি বোর্ডে সর্বোচ্চ এই ফল অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন