Tuesday, October 27, 2026

৩১ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল, বদলেছে আগের সিদ্ধান্ত


প্রতীকী ছবিঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানাতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, ফল প্রকাশের তারিখ নির্ধারণ নিয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার বিষয়টি সামনে আসায় আগের পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর ফল প্রকাশের সময়সূচি নিয়ে বিস্তারিত জানানো হতে পারে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন রাতে দেশে ফেরার পর তাঁর সম্মতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) ফল প্রকাশের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। মন্ত্রণালয় ও বোর্ডসংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, প্রধানমন্ত্রীকে ফল প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করতে না পারায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত স্থগিত করা হয়।

এরও আগে, গত শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। ২৬ অক্টোবর ফলাফল-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশের কথা থাকলেও পরবর্তী সময়ে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন এসব পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন