- ২৭ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই দিন আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে কুমিল্লায় বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পদায়নের কথা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অধ্যাপক কামাল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিজস্ব পিডিএসে লগইন করে অবমুক্তি ও যোগদানসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার চলতি বছরের মে মাসে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন। গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সচিব পদে নিয়োগ দেওয়া হয়।
এদিকে, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত সময় ঘনিয়ে আসার মধ্যে বোর্ডের সচিবের বদলির আদেশ এলো। তবে ফল প্রকাশের সঙ্গে তাঁর বদলির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।