- ২৭ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী কারও পরীক্ষা বাতিল করা হয়েছে, আবার কাউকে এক থেকে তিন বছর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন কলেজের পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পর্যবেক্ষক ও প্রধান পরীক্ষকদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, তাঁদের দেওয়া কৈফিয়তের জবাব এবং নকলের আলামত পর্যালোচনা করে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত পরীক্ষা-সংক্রান্ত বিধিমালা অনুসরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযোগগুলো পর্যালোচনার পর সংশ্লিষ্ট বিধির বিভিন্ন ধারায় শাস্তির সুপারিশ করা হয়। পরে একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে অভিযুক্ত ২৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে এসব ব্যবস্থা কার্যকর করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত বিধি অনুযায়ী, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে অপরাধের ধরন বিবেচনায় বিভিন্ন মাত্রার শাস্তি দেওয়ার বিধান রয়েছে।