- ৩১ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
এইচএসসি পরীক্ষায় তিনটি বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন তিনবার করে ছাপাতে হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রশ্নপত্র ব্যবস্থাপনা, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিনের দুর্বলতা এবং অনিয়মের সুযোগ খুঁজে বের করা হচ্ছে বলে জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এবারের পরীক্ষার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তিনটি বিষয়ের প্রশ্নপত্র আলাদাভাবে পরীক্ষার আগের দিন সারা রাত ছাপিয়ে পাঠাতে হয়েছে। তাঁর ভাষ্য, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি।
পরীক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বোর্ডের ব্যবস্থাপনা থেকে শুরু করে পরীক্ষক ও প্রশ্নপত্র বিভিন্ন পর্যায়ে সমস্যা রয়েছে। এসব দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে অনিয়মের ঘটনা ঘটেছে কি না, তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
তিনি জানান, কিছু কেন্দ্রে এমসিকিউ প্রশ্নপত্র বদলে দেওয়ার ঘটনা ঘটেছে বলে তাঁরা দেখেছেন। কোথাও কোথাও ফল পরিবর্তনের চেষ্টাও হয়েছে। এসব ঘটনার কিছু শনাক্ত করা হয়েছে, বাকিগুলোও খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
তবে কোন কোন শিক্ষা বোর্ডে প্রশ্নপত্র বা উত্তরপত্র অদলবদলের ঘটনা ঘটেছে, কতটি অনিয়ম শনাক্ত হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে তা বিস্তারিত জানাননি শিক্ষামন্ত্রী।
দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের বিষয়ে আশাবাদ জানিয়ে তিনি বলেন, পরীক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ে থাকা দুর্বলতা শনাক্ত করা হচ্ছে। এগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।