- ০৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ বৃদ্ধি, ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তাঁরা।
সাক্ষাৎকালে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিনোদনমূলক আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে ক্যাম্পাসে কনসার্ট আয়োজন এবং আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান চালুর প্রস্তাব দেন সংগঠনটির নেতারা। তাঁদের মতে, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত ভাঙাচোরা সড়কটি পুনর্নির্মাণের দাবি জানানো হয়। সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী মানুষের ভোগান্তি কমাতে দ্রুত সংস্কারকাজ শুরুর প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়।
সাক্ষাৎ শেষে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে ‘নন্দিত রাষ্ট্রনায়ক: জিয়াউর রহমান’ এবং ‘জননায়ক তারেক রহমান’ শীর্ষক দুটি বই উপহার দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধান, ক্যাম্পাসের পরিবেশ উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সুযোগ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এ ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।