Wednesday, November 4, 2026

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, দায় সরকারের: নাহিদ ইসলাম


ছবিঃ শ্রমিকদের চলমান আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেন তিনি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পাবনা

শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সরকারের সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে সরকার দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পাবনা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

শ্রমিকদের আন্দোলনে কোনো পক্ষ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার দায়ও সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের সুযোগ তৈরি হলে সেটি সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে।

নাহিদ ইসলামের অভিযোগ, বিরোধী দলকে দমনে গোয়েন্দা সংস্থার শক্তি ব্যবহার করছে সরকার। অথচ দেশের শত্রু হিসেবে যাঁদের উল্লেখ করা হচ্ছে এবং যাঁরা জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে রয়েছেন, তাঁদের বিষয়ে সরকারপ্রধানকে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্য প্রকাশ করতে দেখা যায়নি।

অন্তর্বর্তী সরকারের আন্দোলন মোকাবিলার ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার প্রায় ৫০০টি আন্দোলন মোকাবিলা করেছে। কিন্তু জনগণের আস্থা ছাড়া আন্দোলন থামানো সম্ভব নয়। তাঁর দাবি, বর্তমান সরকারের ওপর জনগণের আস্থা নেই। সরকার ৭০ শতাংশ মানুষের রায়ের সঙ্গে বেইমানি করেছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনি ইশতেহারের অঙ্গীকারও ভঙ্গ করেছে।

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গতকাল আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে খোলাবাজারে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এখন দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার ও স্বার্থের প্রশ্নে রাজপথেই সরকারকে জবাব দিতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন